অবিশ্বাস্য হলেও সত্যি, বড় ম্যাচের টিকিটের চাহিদা কম, কেন শহরের ফুটবলপ্রেমীদের এই ডার্বি-অনীহা?

Photo: X

রাত পোহালেই আইএসএলের প্রথম ডার্বি। রবিবার ছুটির শহরে, শীতের শহরে ভীড় উপচে পড়ার কথা যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু ভারতীয় ফুটবলের এই মহারণ নিয়ে নাকি অনেকেরই হেলদোল নেই!

দুই যুযুধান ক্লাবের একটির এক কর্মকর্তা যে খবর শোনালেন, তা বেশ অবাক করার মতো। টিকিটের নাকি চাহিদা নেই। কয়েকদিন আগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও বহু সমর্থকের অনুরোধে ডার্বির টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। তার পরেও নাকি টিকিট বিক্রির হাল খারাপ!

অবিশ্বাস্য হলেও সত্যি। রবিবার যুবভারতীর গ্যালারিতে ৫০ হাজার দর্শক হবে? ওই কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তাঁর সাফ জবাব, ‘সত্যিই তা হলে অবাক হব’। ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ নিয়ে হঠাৎ করে আগ্রহ কমে গেল কেন?


যে অ্যাপে ডার্বির টিকিট পাওয়া যাচ্ছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ সেই অ্যাপে ঢুকে দেখা গেল যে কোনো দামের টিকিট ইচ্ছে করলেই কেনা সম্ভব। এমন নয় যে, সবচেয়ে কম ২০০ টাকার টিকিট সব শেষ, পাওয়া যাচ্ছে শুধু বেশি দামের টিকিট। সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি দামের টিকিট যত খুশি পাওয়া সম্ভব অনায়াসে।

কলকাতা ডার্বির হাল এরকম? সত্যিই অবিশ্বাস্য। ওয়াকিবহাল মহলের ধারণা, এত ঘন ঘন ডার্বি হলে তো এটাই হবে? ইতিমধ্যেই চারবার ডার্বি হয়ে গিয়েছে এই মরসুমে। কলকাতা লিগে একবার, ডুরান্ড কাপে দু-দু’বার এবং আইএফএ শিল্ডে একবার। এই চারবারের মধ্যে দু’বার জিতেছে মোহনবাগান, একবার ইস্টবেঙ্গল ও একবার ড্র হয়। চার মাসে চারবার ডার্বির পর রবিবার পঞ্চম বড় ম্যাচ দেখতে চলেছেন দুই দলের সমর্থকেরা। তাঁরাই এ বার প্রশ্ন তুলছেন, আর কত?

এ মরসুমে আইএসএলের সব খেলা ইউটিউবে সরাসরি দেখা যাচ্ছে বলে নাকি এমনিতেই মাঠে লোক কম আসছে। অন্তত যারা নিয়মিত মাঠে যান, তাদের সে রকমই মত। ইউটিউবে দর্শকসংখ্যা নতুন নজির গড়ার মতো। মানুষের হাতে হাতে স্মার্টফোন ও ইন্টারনেট থাকায় ইউটিউবে ঝকঝকে সম্প্রচার দেখতে কোনো অসুবিধাই হচ্ছে না কারও। সেই জন্যই কি গ্যালারিতে এসে খেলা দেখার লোক কমে গিয়েছে?

আগে ফুটবলপ্রেমীদের মধ্যে একটা ধারণা ছিল, মাঠে গিয়ে খেলা দেখার অনুভূতিই আলাদা। এখন ধারণাটা কিছুটা হলেও নাকি পাল্টেছে। এক সমর্থকের স্পষ্ট কথা, ‘ছুটির সন্ধ্যায় সপরিবার বা সবান্ধব কোনো স্মার্ট টিভিতে ইউটিউবে খেলা দেখার অনুভূতি আরো ভাল। মাঝে মাঝে মাঠে গিয়ে খেলা দেখে এলেই তো হল। তাতে ক্লাবের প্রতি ভালবাসা এতটুকু কমে না। মাঠে যাওয়া, মাঠ থেকে ফেরার ধকল এখন অনেকেই নিতে চাইছে না। তবে এবারের ডার্বি যেহেতু রবিবার। তাই গ্যালারিতে ভাল দর্শক হবে’। কিন্তু টিকিট বিক্রির ছবি ও পরিসংখ্যান তা বলছে না।

এর মধ্যে আবার ম্যাচটা একপেশে হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। গত পাঁচ ম্যাচে টানা জেতার পর মোহনবাগান দুরন্ত ফর্মে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইস্টবেঙ্গল সেখানে টান চার ম্যাচে হারার পর সদ্য জয়ে ফিরেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে। তাও প্রতিপক্ষের চার-পাঁচটি শট বারে ও পোস্টে লেগে ফিরে আসার পর।

কিন্তু দুই দলের কোচ তা মানতে রাজি নন। অন্যান্য সব ব্যাপারে তারা দুই মেরুতে থাকলেও একটা ব্যাপারে একেবারে একমত। ডার্বিতে কেউ এগিয়ে বা পিছিয়ে থাকে না। মোহনবাগান কোচ প্যানায়োতিস দিমপেরিস সাংবাদিক বৈঠকে এসে সাফ জানিয়ে দিলেন, ‘ডার্বিতে দক্ষতা, পরিকল্পনা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মানসিক শক্তি, মনঃসংযোগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। সাম্প্রতিক ডার্বিগুলোতে কী হয়েছে না হয়েছে, তাও গুরুত্বপূর্ণ নয়’।

ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস, যিনি দিম্পেরিসের চেয়ে অনেক বেশিবার কলকাতা ডার্বিতে দল নামিয়েছেন, তিনি বলছেন, ‘ডার্বির পরিসংখ্যান পড়ার জন্য ভাল। মাঠের খেলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খেলায় তার বিন্দুমাত্র প্রভাব পড়ে না। তাই এর আগে ডার্বিতে কী হয়েছে না হয়েছে, তা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই। কাল যারা ভাল খেলতে পারবে, যারা আবেগ নিয়ন্ত্রণে রেখে, মাথা ঠাণ্ডা রেখে নিজেদের সেরা ফুটবলটা দিতে পারবে, তারাই জিতবে’।

তবে কোনো কোচ বা খেলোয়াড়রাই চান না, মাঠে লোক কম আসুক। শনিবার সাংবাদিক বৈঠকে এসে যেমন মোহনবাগানের সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দেজান দ্রাজিচ সমর্থকদের বার্তা দিলেন, ‘কাল মাঠে আসুন, গ্যালারি ভরিয়ে দিন’। কিন্তু প্রিয় তারকার এই আবদার রাখবেন কি সমর্থকেরা? রাত পোহালেই পাওয়া যাবে এর উত্তর। বোঝা যাবে ডার্বির জনপ্রিয়তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে।