বাংলার ক্রিকেটের উন্নতিতে এবারে বড় দায়িত্ব দেওয়া হল প্রাক্তন ক্রিকেটার ও মন্ত্রী অশোক দিন্দাকে। সেই সঙ্গে দায়িত্ব পেয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়। সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলির ধারণা, বাংলার ভবিষ্যৎ বোলারদের গড়ে তুলতে অবশ্যই ভারতীয় দলের এই দুই প্রাক্তন খেলোয়াড় বড় ভূমিকা নেবেন। এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে বাংলার প্রাক্তন দুই ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ও মনোজ তিওয়ারি বিধায়ক হয়ে ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আর এবারে বিজেপি সরকারের মন্ত্রীসভায় প্রতিমন্ত্রীর পদের দায়িত্ব সামলাচ্ছেন অশোক দিন্দা।
অশোক দিন্দা জোরে বোলারদের কোচের দায়িত্ব সামলাবেন। আর উৎপল চ্যাটার্জি এই প্রকল্পে স্পিন বোলিংয়ে কোচের দায়িত্ব নিয়ে কাজ করবেন। আগামী জুলাই মাস থেকে শুরু হবে প্রশিক্ষণ শিবির। বাংলার ক্রিকেট প্রতিভাদের তুলে আনতে সিএবি-র বিশেষ প্রকল্প ২০২৮।
বিভিন্ন বয়সভিত্তিক দলগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে সিএবি-র পক্ষ থেকে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় মুখর হয়েছে বাংলার ক্রিকেটে কেন ঘরের ছেলেদের দেখতে পাওয়া যায় না? সেই লক্ষ্যকে সামনে রেখেই অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ সিনিয়র দলের বাংলার ছেলেরা যাতে অংশ নিতে পারেন, তার জন্যই প্রশিক্ষণ শিবিরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই শিবিরে কোচদের পাশে সব সহকারী কোচরাও বিশেষভাবে এই প্রকল্পকে সার্থক রূপ দেওয়ার জন্য এগিয়ে আসবেন।