ক্রিকেটারের সঙ্গে ঝামেলার পরেই মৃত্যু কোচের, টেস্ট সিরিজ শুরুর আগেই শ্রীলঙ্কার ক্রিকেটে শোকের ছায়া

Sri Lanka cricket coach death (Representative Image)

এক বোতল পানীয় জল ঘিরে শুরু হয়েছিল বিবাদ। সেই ঝামেলাই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল শ্রীলঙ্কার প্রখ্যাত ক্রিকেট কোচ সুমিত ফার্নান্দোর। স্কুল ক্রিকেটের এক ম্যাচে খেলোয়াড়দের মধ্যে বচসা থামাতে গিয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় এক কিশোর ক্রিকেটারের হামলার শিকার হন ৬২ বছরের ফার্নান্দো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।

ঘটনাটি ঘটে ৮ অগস্ট, কলম্বোয় একটি স্কুল ক্রিকেট ম্যাচ চলাকালীন। পানীয় জল নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে প্রথমে তর্ক শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ফার্নান্দো। কিন্তু সেই বিবাদ হাতাহাতির পর্যায়ে পৌঁছয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

ফার্নান্দোর মৃত্যুতে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৭ বছরের এক স্কুল ক্রিকেটারকে সোমবার গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কলম্বোর একটি আদালতে তোলা হলে ১৭ অগাস্ট পর্যন্ত কিশোর সংশোধনাগারের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


শ্রীলঙ্কার ক্রিকেট মহলে সুমিত ফার্নান্দো ছিলেন অত্যন্ত পরিচিত নাম। কলম্বোর উপকণ্ঠ মোরাতুয়ার প্রিন্স অফ ওয়েলস কলেজের প্রাক্তন কোচ ছিলেন তিনি। স্কুলজীবনে তাঁর কাছেই ক্রিকেটের প্রাথমিক পাঠ নিয়েছিলেন শ্রীলঙ্কার জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক কুশল মেন্ডিস। পরবর্তী সময়ে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের পরিচিত ক্লাব ব্লুমফিল্ড ক্রিকেট ক্লাবের কিউরেটরের দায়িত্বও সামলেছেন ফার্নান্দো।

শুধু কুশল নন, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটের বহু প্রতিভাবান ক্রিকেটারকে তৈরি করার পিছনে ছিল ফার্নান্দোর অবদান। দীর্ঘ দিনের সেই কোচের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। শনিবারই ভারতের বিরুদ্ধে তাদের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এর মধ্যে এই দুর্ঘটনায় স্তম্ভিত ভারতীয় ক্রিকেটাররাও।

বৃহস্পতিবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে ফার্নান্দোর। কিন্তু একটি সাধারণ বিবাদ থেকে কী ভাবে এমন মর্মান্তিক পরিণতি ঘটল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেও এখন নজর শ্রীলঙ্কার ক্রিকেট মহলের।