আজ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ের সামনে কলকাতা

চলতি আইপিএল ক্রিকেটে রবিবার প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এখানকার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা দলকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স দল। মুম্বাই দল খাতায়-কলমে বেশ শক্তিশালী। নিঃসন্দেহে বলা যায় এই শিবিরে ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছেন। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব দলের সবচেয়ে বড় স্তম্ভ। রয়েছেন তারকা ক্রিকেটার রোহিত শর্মা। স্বাভাবিকভাবে কেকেআর প্রথম ম্যাচে কিছুটা চাপে থাকবে, তা নতুন করে বলার প্রয়োজন হয় না। কলকাতা দলে বেশ কয়েকজন খেলোয়াড় চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে হয়তো খেলতে পারবেন না। অধিনায়ক অজিঙ্কা রাহানে তবুও দলের স্বার্থে যে কোনও অঙ্কে প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে রাখবেন, এমন ভাবনার কথা বলেছেন।

তবে, মুম্বাই দলের বড় ধাক্কা প্রথম ম্যাচের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলতে নামতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া। অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া অবশ্যই দলের কাছে বড় সম্পদ। হার্দিক যদি খেলতে না পারেন, তাহলে কেকেআর দল মানসিক দিক দিয়ে এগিয়ে থাকবে। এই ম্যাচে নামার আগে শুধু হার্দিক পাণ্ডিয়া অনুশীলনে আসেননি, তা নয়। শনিবার এই অনুশীলনে অংশ নেননি যশপ্রীত বুমরা, মিচেল স্যান্টনার ও উইল জ্যাক। বুমরা এই মুহূর্তে সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে মিচেল স্যান্টনারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দল ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলেছিল। কিন্তু সূর্যকুমার যাদবের ভারতীয় দলের কাছে তাঁদের হার মানতে হয়। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পরে স্যান্টনার পরবর্তী দু’টি ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন। পাশাপাশি, ভারতের কাছে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড স্কোয়াডে ছিলেন উইল জ্যাক। কিন্তু তিনি এবং স্যান্টনার এখনও মুম্বাই দলের সঙ্গে যোগ দেননি। মুম্বাই দলের ব্যাটিং ও বোলিং সাইড বেশ ভালো। যে দলে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শেরফান র্যা দারফোর্ড, রিয়ান রিকেলটন ও কুইন্টন ডি’ককের মতো যেমন ব্যাটসম্যানরা রয়েছেন, তেমনই আবার বোলারদের তালিকাটাও বেশ দেখার মতো। কর্ণ শর্মা, অশ্বিনী কুমার, দীপক চাহাল, রিচার্ড গ্লেশন, রঘু শর্মা এবং বেশকিছু তরুণ ক্রিকেটাররা রয়েছেন।


অন্যদিকে, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানের বিশেষ দক্ষতা রয়েছে। অজিঙ্কার সঙ্গে রিঙ্কু সিংকে সহকারী অধিনায়ক হিসেবে যুক্ত করে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় দলকে শক্তিশালী করার জন্য দুরন্ত ভূমিকা পালন করবেন। এই দলে বৈভব অরোরার দিকে সবার নজর থাকবে। ক্যামেরন গ্রিন যেমন খেলবেন, তেমনই আবার ফিন অ্যালেনের পাশে, মনীশ পাণ্ডে, সুনীল নারাইন ও উমরান মালিকরা দলের স্কোরবোর্ডকে উজ্জ্বল করার জন্য বড় ভূমিকা নেবেন। আবার অনেকেই অপেক্ষায় থাকবেন, বরুণ চক্রবর্তী তাঁর হাতের কবজিতে কীভাবে খেলার পট পরিবর্তন করে দিতে পারেন, সেটাই দেখার। বলতে দ্বিধা নেই, খেলার শুরু থেকেই দু’দলের মধ্যে লড়াই জমাটি জায়গায় পৌঁছে যাবে।