এ বারের বিশ্বকাপ যে কোনও ভারতীয় টিভি চ্যানেলে দেখা যাবে, অনেক দেরিতে হলেও তা অবশেষে জানা গিয়েছে। কোন চ্যানেলে ও ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন, তা নিশ্চয়ই এতদিনে সবার মুখস্থ হয়ে গিয়েছে।
কিন্তু কারা সেই টিভি সম্প্রচারের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের ভূমিকায় থাকবেন, সেই নামগুলি এই প্রথম সর্বসমক্ষে এল। এর আগের বিশ্বকাপগুলি যে যে ভারতীয় চ্যানেলে বা ওটিটি-তে দেখা গিয়েছে, তারা প্রত্যেকেই তাদের বিশেষজ্ঞ প্যানেলে বিখ্যাত ভারতীয় ও বিদেশি প্রাক্তন ফুটবলারদের রেখেছিল। অতীতে সুনীল ছেত্রীকেও বিশ্বকাপের টিভি বিশেষজ্ঞের ভূমিকায় দেখা গিয়েছে।
এ বারও দেখা যাবে এক ঝাঁক ফুটবল তারকাকে, যারা অতীতে মাঠ মাতিয়েছেন। ‘জি ফাইভ’ ও তাদের টিভি চ্যানেল ‘ইউনাইট ৮’-এর বিশ্বকাপ সম্প্রচারে ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তিকে বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে। এঁরা হলেন বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়ন। এ ছাড়াও ভারতের প্রাক্তন জাতীয় কোচ ও ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার ইগর স্টিমাচও থাকছেন এই দলে। কেরালা ব্লাস্টার্সের কোচ অ্যাশলি ওয়েস্টউডও থাকছেন।
বিজয়ন ছাড়া বাকিরা সবাই ইংলিশ ধারাভাষ্যে থাকবেন, বিজয়ন থাকবেন মালয়লাম ধারাভাষ্যে। তাঁর সঙ্গে ওই দলে থাকবেন কেরালার আর এক প্রাক্তন তারকা ও কলকাতার খুব কাছের মানুষ জো পল আনচেরিও। হিন্দি ধারাভাষ্যে দেখা ও শোনা যাবে ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে। এ ছাড়াও মহমেডানের প্রাক্তন ফুটবলার ও কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু, রবিন সিং, মহিলা ফুটবলার অদিতি চৌহানরা থাকবেন হিন্দি কমেন্ট্রি টিমে।
বাংলাতেও ধারাভাষ্য অবশ্যই শোনা যাবে। কারণ, সারা দেশে বাংলার ফুটবলপ্রেমীরাই সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যায় বিশ্বকাপের লাইভ সম্প্রচার দেখে রাতের পর রাত জেগে। বাংলার ধারাভাষ্যকারদের মধ্যে থাকছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দেবজিৎ ঘোষ, প্রাক্তন গোলকিপার রজত ঘোষদস্তিদার এবং প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল। টিভি চ্যানেলে সম্ভবত শুধু ইংলিশ ও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে। বাকি দুই ভাষায় ধারাভাষ্য হবে ওটিটি-তে।