ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েও ইতিহাস গড়তে পারলেন না ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের ফাইনালে ফের একবার হেরে গেলেন তিনি। ৫৭ মিনিটের লড়াইয়ে চাইনিজ তাইপেইয়ের লিন চুন ইয়ের কাছে স্ট্রেট গেমে হারলেন লক্ষ্য। খেলার ফলাফল তাঁর বিপক্ষে ১৫-২১, ২০-২২। এই প্রসঙ্গে বলা যায়, লিনের বিরুদ্ধে লক্ষ্য’র অতীত রেকর্ড একদমই ভাল নয়। এর আগে চারবারের সাক্ষাতে প্রতিবারই হেরেছেন তিনি।
আসলে, লিন বাঁহাতি খেলোয়াড়। সেটাই প্রধান সমস্যা ছিল লক্ষ্য’র জন্য। আর ফাইনালে ফের একবার সেই সুযোগটাই কাজে লাগলেন চাইনিজ তাইপেইয়ের এই খেলোয়াড়। ভারতীয় এই ব্যাডমিন্টন তারকার বিপক্ষে একটি অদ্ভুত কোণ তৈরি করলেন তিনি। আর সেটাই বারবার সমস্যায় ফেললো লক্ষ্যকে। প্রথম গেম থেকে এগিয়ে ছিলেন লিন। লক্ষ্য চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেননি। ফলে, একটাসময় সহজেই ২১-১৫ ব্যবধানে প্রথম সেটটি জিতে নেন লিন।
তবে, দ্বিতীয় গেমে কিছুটা ফেরার চেষ্টা করেছিল লক্ষ্য। শুরুটা বেশ ভালো করেন তিনি। এমনকি, একটা সময় প্রতিপক্ষকে ১৩-৮ ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে যান তিনি। কিন্তু, সেই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেননি ভারতীয় তারকা। আচমকা দুরন্ত প্রত্যাবর্তন করেন লিন। পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকেও লড়াই করে ১৬-১৬ করেন তিনি। এরপরেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলো দর্শকরা। তবে, স্নায়ুর চাপ ধরে রেখে শেষপর্যন্ত লক্ষ্যকে ভুল করতে বাধ্য করেন লিন। প্রতিপক্ষের ক্রমাগত চাপের সামনে শেষ দু’টি পয়েন্টে বাইরে মারেন তিনি। ফলে ২২-২০ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচ জিতে নেন লিন।
এই প্রসঙ্গে বলা যায়, এর আগে পুরুষদের সিঙ্গেলসে ১৯৮০ সালে প্রকাশ পাড়ুকোন প্রথম অল ইংল্যান্ড খেতাব জেতেন। পরবর্তীকালে, ২০০১ সালে পুল্লেলা গোপীচাঁদ এই খেতাব ঘরে তোলেন। সেটাই শেষবার পুরুষদের সিঙ্গেলসে কেউ অল ইংল্যান্ড খেতাব জিতেছিল। এবার, সেই নজির গড়ার সুবর্ণ সুযোগ ছিল লক্ষ্য’র সামনে। কিন্তু, ফের ফাইনালে এসেই থামতে হল ভারতীয় এই তারকাকে।