এশিয়া কাপ খেলতে চিনে গেল ভারতীয় মহিলা ফুটবল দল

প্রতিনিধিত্বমূলক চিত্র

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ খেলতে সোমবার সুঝৌ পৌঁছে গেল ২৩ সদস্যের ভারতীয় মহিলা ফুটবল দল। আগামী ২ মে গ্রুপ বি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের অভিযান শুরু করবে তারা। দীর্ঘ ২১ বছর পর এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে ভারত। এদিন ভোরে সুঝৌ পৌঁছানোর পর বিকেলে সেখানে অনুশীলন সারে তারা।

এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবে তিন মাসেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুতে শিবির করেছেন ইতালীয় কোচ পামেলা কন্টি। গত ফেব্রুয়ারি মাসে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ জিতেছে দিব্যাণী, অনুষ্কা কুমারী’রা। এরপর মার্চ মাসে ইয়াঙ্গনে মিয়ানমারের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচেও সহজ জয় তুলে নিয়েছে পামেলা কন্টির দল। তবে, চলতি মাসের শুরুতে সোচিতে রাশিয়ার বিরুদ্ধে যে তিনটি প্রীতি ম্যাচ খেলেছিল তারা, তাতে একটিতেও জয় আসেনি। রাশিয়া সফর থেকে ফিরে গুরগাঁওয়ে ছ’দিনের প্রস্তুতি শেষে চীনের উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল।

এদিকে, অস্ট্রেলিয়ার পর আগামী ৫ মে জাপান এবং ৮ মে লেবাননের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুই দলের পাশাপাশি তিনটি গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানাধিকারী দলও কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। এছাড়াও, সেমিফাইনালের ছাড়পত্র পাওয়া চারটি দল ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ মরক্কো ২০২৬-এর যোগ্যতা অর্জন করবে।