টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে দল বাড়াতে উদ্যোগ নিল আইসিসি

প্রতীকী চিত্র

টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে দলসংখ্যা বাড়াতে চাইছে আইসিসি। বর্তমানে, নয়টি দেশ এই টেস্ট ক্রিকেট খেলে। সেই সংখ্যা বাড়িয়ে সম্ভবত টেস্ট ক্রিকেটকে বারো দলীয় টুর্নামেন্ট করতে আগ্রহী তারা। অর্থাৎ, প্রতিটি পূর্ণ সদস্য দেশই অংশগ্রহণ করবে টেস্ট বিশ্বকাপে। বিষয়টি নিয়ে চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত জানানোর কথা ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ামক সংস্থার। সেক্ষেত্রে, আগামী ২০২৭ সালের জুন থেকে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে, তা ১২ দলের হতে পারে। নতুন এই নিয়মে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে সম্ভবত দু’টি ভাগে ভাগ করা হবে না। যদিও, এই প্রস্তাবের বিরোধিতা করেছে একাধিক পূর্ণ সদস্য দেশ।

পাশাপাশি, আসন্ন ত্রৈমাসিক বৈঠকে ২০২৮ সালের অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পদ্ধতিও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে ফেলতে চান আইসিসি কর্তারা। আসলে, অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী পুরুষ এবং মহিলা বিভাগে ছ’টি করে দল খেলার সুযোগ পাবে। অর্থাৎ, আইসিসির পূর্ণ সদস্য সব দেশ এই প্রতিযোগিতায় খেলতে পারবে না। তবে, আয়োজক হিসাবে আমেরিকার খেলা নিশ্চিত। বাকি পাঁচটি দল নির্বাচনের জন্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ওসেনিয়ার চ্যাম্পিয়ন দলগুলিকে সুযোগ দিতে চায় আইসিসি। তাই, দল বেছে নেওয়ার জন্য ২০২৭ সালে যোগ্যতা অর্জন প্রতিযোগিতা আয়োজন করবে আইসিসি। ক্রমতালিকার ভিত্তিতে বেছে নেওয়া হবে দলগুলিকে।

এদিকে জানা গিয়েছে, আগামী বছরে ২৫ থেকে ২৭ মার্চ দোহায় আইসিসির ত্রৈমাসিক বৈঠক হতে পারে। যদিও, যুদ্ধকালীন পরিস্থিতিতে বৈঠকের স্থান পরিবর্তন হতে পারে।