গোয়ার বিপক্ষে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে সবুজ-মেরুন ব্রিগেড

শেষ পর্যায়ে এসে জমে উঠেছে এবারের আইএসএল। পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা তিন-চারটে দলের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রায় প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে খেতাব জয়ের সমীকরণ। আর ঠিক এই অবস্থায় গোয়ার মাঠে আজ আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। খেতাব জেতার লড়াইয়ে টিকে থাকতে গেলে এই ম্যাচেও তিন পয়েন্ট পাওয়া ছাড়া উপায় নেই সবুজ-মেরুন ব্রিগেডের। তার উপর কোচ সার্জিও লোবেরোকে স্বস্তি দিয়ে চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ এবং মিডফিল্ডার আপুইয়া।

পাশাপাশি, এই ম্যাচে এফসি গোয়া পাচ্ছে না দলের প্রধান কোচ মানালো মার্কুয়েজকে। ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করায় এই ম্যাচে তাঁকে নির্বাসিত করেছে এআইএফএফ। ফলে, মোহনবাগানের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না তিনি। যদিও, এই ম্যাচে নামার আগে বাগান কোচ লোবেরোকে কিছুটা হলেও চিন্তায় রাখছে গোয়ার অতিরিক্ত গরম। তার উপর এই জেসন কামিংসদের এই ম্যাচটি খেলতে হবে বিকেল পাঁচটায়। যা নিয়ে বাগান কোচের বক্তব্য, প্রবল গরম ও আর্দ্রতার মধ্যে গোয়ায় খেলাটা কিছুটা হলেও কঠিন। তবে, কোনওরকম অজুহাত দিতে চান না তিনি। বরং, গোয়ার বিপক্ষে তিন পয়েন্ট পাওয়াকেই আপাতত প্রধান টার্গেট করেছেন লোবেরো।

পাশাপাশি, গোয়াকে যথেষ্ট সমীহ করছেন তিনি। জানান, ঘরের মাঠে গোয়া অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। যদিও, জামশেদপুরের বিপক্ষে শেষ ম্যাচে ০-২ গোলে হারতে হয়েছে তাদের। তা সত্ত্বেও এই ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না বলে মনে করছেন লোবেরো। একইসঙ্গে নিজের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। জানালেন, তাঁর দল এবারের আইএসএলে অন্যতম শক্তিশালী। তাই, গোয়ার বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে ভালো ফলাফল করতে প্রস্তুত কামিংস, দিমিত্রিরা।