গ্যাস সিলিন্ডারের অভাবে ময়দানের ক্লাব ক্যান্টিনের অবস্থা শোচনীয়

প্রতীকী চিত্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার। এই পরিস্থিতিতে কীভাবে কলকাতা ময়দানে ক্লাব ক্যান্টিনগুলি চলবে, তা নিয়ে মাথায় হাত। বিশেষ করে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের ক্যান্টিনের অবস্থা বেশ সঙ্গীন হয়ে পড়েছে। এই দুই ক্লাবের ক্যান্টিনে মজুত রাখা সিলিন্ডারে টান পড়তে শুরু করেছে। তাই আগামী দিনগুলিতে কীভাবে তাদের চলবে, তা নিয়ে দিশেহারা ক্লাব কর্মাকর্তারা।

এছাড়াও স্কুলের জুনিয়র ফুটবলারদেরও খাবার নিয়ে আসা হত ওই ক্যান্টিন থেকে। যেহেতু গ্যাসের জোগান কমে গেছে, তাতে চিন্তায় পড়েছে ক্লাব। কালোবাজারি থেকে গ্যাসের সিলিন্ডার কোনওভাবেই সম্ভব নয়। আবার ভাবা হচ্ছে, বাচ্চা বাচ্চা খেলোয়াড়দের খাবারের দাম বাড়িয়ে দিয়ে যদি কিছুটা সুরাহা করা সম্ভব হয়, সে বিষয়ে তারা আগ্রহী নয়। এখন গ্যাস কিনতে ২৪০০ টাকা করে লাগছে। যাঁরা গ্যাস সরবরাহ করেন, তাঁরা বলেই দিয়েছিলেন আগামী দিন থেকে ২৮০০ টাকা করে লাগবে। তাই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ক্যান্টিন বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনও পথ থাকবে না।

যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে অনির্দিষ্ট কালের জন্য ক্লাব ক্যান্টিনের দরজায় তালা পড়ে যাবে। ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগানর মতো ক্যান্টিনের পাশাপাশি তালতলা স্পোর্টিং, মহামেডান স্পোর্টিং, জর্জ টেলিগ্রাফ, বাস্কেটবল থেকে শুরু করে কবাডি এবং ভলিবলের ক্যান্টিনগুলির অবস্থা শোচনীয়।