আগারকারের চুক্তি বাড়াতে চলেছে বোর্ড

নির্বাচক প্রধান অজিত আগারকারের চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে বিসিসিআই। মূলত, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে চাইছে বোর্ড কর্তারা। আসলে, ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। জানা গিয়েছে, ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আগারকারের সঙ্গে চুক্তিবৃদ্ধি করতে চলেছে তারা।

বিষয়টি নিয়ে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে প্রচুর পরিবর্তন হয়েছে। কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আগারকার। সেজন্য আপাতত বোর্ড তাঁকেই দায়িত্বে রাখতে চাইছে। আইপিএল চলাকালীন বোর্ড কর্তারা আগারকারের সঙ্গে আলোচনা করবেন। সেখানেই তাঁকে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে। বোর্ডের ওই কর্তার কথায়, সবকিছু ঠিকঠাক চললে এবং চুক্তি বৃদ্ধিতে আগারকার রাজি হলে তা সরকারিভাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হবে। আসলে, দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দলের প্রাক্তন এই অলরাউন্ডার যেভাবে দলের তারকা সংস্কৃতিতে রাশ টেনেছেন, তাতে খুশি বোর্ড কর্তারা।

তবে শুধু একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়াই নয়, তাঁর সময়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতীয় দল। ২০২৪ এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে তারা। এমনকি, ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। অবশ্য, এই সময়ে টেস্ট ক্রিকেটে খুব একটা সাফল্য পায়নি গৌতম গম্ভীরের দল। তবে, আইসিসি টুর্নামেন্টে দলের এই সাফল্য বিশেষ প্রভাবিত করেছে বোর্ড কর্তাদের। তাই, সবদিক বিবেচনা করে আরও একবছরের জন্য আগারকারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে চাইছে বিসিসিআই।


অন্যদিকে, নির্বাচক কমিটিতে কিছু বদল আসতে পারে। আগারকারের সঙ্গে জাতীয় নির্বাচক হিসাবে কাজ চালিয়ে যাবেন প্রজ্ঞান ওঝা এবং রুদ্রপ্রতাপ সিং থাকলেও শিব সুন্দর দাস এবং অজয় রাত্রার জায়গায় সম্ভবত নির্বাচক কমিটিতে নতুন দু’জনকে দেখা যেতে পারে।