আফগানিস্তান টেস্টের জন্য ক্রিকেটারদের উপর বিশেষ নজর রাখছে বোর্ড

চলতি আইপিএল ক্রিকেট শেষের মুখে পৌঁছে গিয়েছে। এই টুর্নামেন্টের দিকে বিশেষ নজর রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মাকর্তাদের। এই টুর্নামেন্ট শেষে ভারতীয় দল গঠনে বিশেষ কয়েকজনের প্রতি নজর থাকবে। প্রত্যেকে পারফরম্যান্সের ভিত্তিতেই হয়তো জাতীয় দলের জার্সি পেতে পারেন। আফগানিস্তান খেলতে আসছে ভারতের মাটিতে। সেই কারণেই আফগানিস্তানের সঙ্গে ভারতীয় দল একটি টেস্ট ম্যাচ খেলবে। সেই জন্য খেলোয়াড়দের ফিটনেস সহ অন্যান্য দিকে নজর রাখা হচ্ছে। অনেক ক্রিকেটার ওয়ার্ক লোড নিতে পারছেন না। তাই কোথায় ক্রিকেটারদের অসুবিধা হচ্ছে, তাও বিচার করা হবে। শীর্ষ ক্রিকেটারদের যাতে কোনওরকম অতিরিক্ত চাপ না দেওয়া হয়, সেই ব্যাপারেও বোর্ডের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মেডিকেল ইউনিট সেইভাবে কোনও অশনি সংকেত দেখায়নি। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল ৬ জুন মুল্লানপুরে লাল বলের ক্রিকেটে খেলতে নামবে।

বোর্ডের তরফে বলা হয়েছে, ‘প্লেয়ারদের ওয়ার্কলোডের দিকে নজর রেখেছিল বোর্ড। কিন্তু মেডিক্যাল টিম কোনও অশনি সঙ্কেত পায়নি। বিশেষ করে ব্যাটিং গ্রুপ নিয়ে। এক সপ্তাহের মধ্যে আইপিএলের প্লে অফের চিত্র পরিষ্কার হয়ে যাবে। কেএল রাহুল, যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থরা আফগানিস্তান টেস্টে খেলবে। আইপিএলে প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়ে নিয়মিত তথ্য পায় বোর্ড। সেই রিপোর্টে সন্তুষ্ট মেডিকেল টিম।’ বোলিংয়ে একাধিক পরিবর্তন হতে পারে। জুনের গরমে আফগানিস্তানের বিরুদ্ধে সেরা বোলারদের খেলাতে চাইবে না ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। এই টেস্টের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও যোগ নেই। তাই যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা কম। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে নতুন বোলারদের সুযোগ দেওয়ায় কথা ভাবা হতে পারে। তরুণদের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। যারা একটানা ধারাবাহিকতা বজায় রাখা সত্ত্বেও, সুযোগ পায়নি।

বোর্ডের সূত্র বলেন, ‘বোলিং গ্রুপে বদল হতে পারে। কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা দেখা হবে। এই টেস্টে অভিজ্ঞ এবং সেরা বোলারদের খেলানোর কোনও যুক্তি নেই। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে তরুণ পেসার এবং স্পিনারদের সুযোগ দেওয়া হতে পারে।’ ব্যাটিং নিয়ে তেমন কোনও সমস্যা নেই। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সফরের আগে তিন নম্বর পজিশন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আইপিএল মোটামুটি গিয়েছে সাই সুদর্শনের। তাঁর মাথায় টিম ম্যানেজমেন্টের হাত আছে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে একটানা সফল দেবদত্ত পাড়িক্কলকে কতদিন ভারতীয় দলের বাইরে রাখা যাবে সেটাই দেখার।


রঞ্জি ট্রফিতে ৫৪৩ রান করেন। বিজয় হাজারেতে করেন ৭২৫ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল। পরের নির্বাচনী বৈঠকে তাঁকে নিয়ে আলোচনা হতে পারে। টেস্ট ক্রিকেটে স্টপ গ্যাপে বিশ্বাসী নয় প্রধান নির্বাচক অজিত আগরকর সহ বাকি নির্বাচকরা। বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। আইপিএল ক্রিকেট শেষে আফগানিস্তান টেস্ট। তারপরই ফোকাস সরে যাবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে। আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে দেখা যাবে ভারতকে।