রিয়ানের ধূমপান নিয়ে কঠোর হচ্ছে বোর্ড

এমনিতেই রাজস্থান রয়্যালস এবারের আইপিএল ক্রিকেটে সেইভাবে নজর কাড়তে পারছে না। খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে। সেই রিয়ান এবারে নতুন বিতর্কে নাম জড়িয়ে ফেললেন। একটা ভিডিয়ো সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সাজঘরে বসে ভেপিং করছেন রিয়ান পরাগ। ই-সিগারেটে টান দেওয়ার এই মুহূর্ত টিভি ক্যামেরায় ধরা পড়তেই শুরু হয় বিতর্ক। স্পষ্ট দেখা যায় ধোঁয়া। আর এই ঘটনা একেবারেই ভালো নজরে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনা নিয়ে মুখ খুলল তারা।

রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের এই কাজ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিসিসিআই। এই নিয়ে মুখ খুলেছেন বোর্ডের এক কর্তা। তিনি স্পষ্ট জানান, এই ঘটনার জন্য উত্তর চাওয়া হবে রিয়ানের কাছ থেকে। এক সাক্ষাৎকারে বিসিসিআই কর্তা বলেন, ‘রিয়ানের থেকে আমরা ব্যাখ্যা চাইব এই ঘটনার জন্য। ভেপিং একেবারেই নিষিদ্ধ। তাই রিয়ান কী উত্তর দেবেন, সেটার অপেক্ষায় রয়েছি আমরা। ওঁর উত্তরের উপরে ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ করবে আইপিএল কর্তৃপক্ষ।’

নিয়মবিরুদ্ধ এই কাজ করায় কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে রিয়ানকে। শুধু তাই নয়, আইনি বিপাকেও পড়তে পারেন রিয়ান। ভারতে ই-সিগারেট বা ভেপিং আইনত নিষিদ্ধ। এই আইনে ই-সিগারেট বিক্রি, ব্যবহার, আমদানি ও বিজ্ঞাপন সবই নিষিদ্ধ। নিয়ম ভাঙলে জরিমানা ও জেল পর্যন্ত হতে পারে।


এ ছাড়া আইপিএল ও বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী ড্রেসিং রুমে ইলেকট্রনিক ডিভাইস আনা নিয়েও কড়াকড়ি করা হয়। তার পরেও কী ভাবে ভেপিং করলেন রিয়ান, সেই প্রশ্ন উঠছে। চলতি আইপিএল-এ আগেও বিতর্কে জড়িয়েছিল রাজস্থান রয়্যালস। টিম ম্যানেজার রোমি ভিন্ডার ডাগ-আউটে বসে মোবাইল ব্যবহার করে বিতর্কে জড়ান। এ বার অধিনায়ক রিয়ান পরাগ উঠে এলেন শিরোনামে।