স্বপ্নভঙ্গের যন্ত্রণা লুকোতে পারলেন না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-র ফাইনালে গাম্বা ওসাকার কাছে হারার পর মাঠেই চোখের জলে ভেঙে পড়লেন আল নাসেরের অধিনায়ক। শনিবার চ্যাম্পিয়ন্স লিগ-টু’য়ের ফাইনালে জাপানের দলটির কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসের। ফলে, আরও একবার সৌদির এই ক্লাবটির হয়ে ট্রফিহীন থাকতে হল পর্তুগিজ মহাতারকাকে।
যদিও ফাইনালের শুরুটা খুব একটা খারাপ করেনি নাসের। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। তবে, একাধিক আক্রমণ তৈরি করলেও তা থেকে গোলের মুখ খুলতে পারেননি রোনাল্ডোরা। পুরো ম্যাচে গোল লক্ষ্য করে প্রায় কুড়িটি শট নিয়েছিল তারা। তা সত্ত্বেও গোল করতে ব্যর্থ হয় সৌদির ক্লাবটি। অন্য দিকে, মাত্র তিনটি গোলমুখী নিয়েও শিরোপা ছিনিয়ে নেয় ওসাকা।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় কার্যত চুপ হয়ে যান আল নাসেরের ফুটবলারেরা। মাঠের মাঝখানে সতীর্থেরা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও বেঞ্চের দিকে হাঁটতে দেখা যায় রোনাল্ডোকে। তখনও তাঁর চোখে খেতাব হারানোর হতাশা স্পষ্ট। সেইসময় দলের এক সাপোর্ট স্টাফ এসে পর্তুগিজ তারকাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাতে সাড়া দেননি তিনি। বেঞ্চে গিয়েই হতাশা ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন সিআর সেভেন।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনালের পর অধিনায়ক দলকে নিয়ে পুরস্কার মঞ্চে ওঠেন। কিন্তু রোনাল্ডো সেই মঞ্চে যাননি। কোচ জর্জ জেসুসের নেতৃত্বে পুরস্কার নিতে ওঠেন আল নাসেরের বাকি ফুটবলারেরা। এই প্রসঙ্গে বলা যায়, আল নাসেরের হয়ে এটি রোনাল্ডোর চোদ্দোতম প্রতিযোগিতা।কিন্তু, নাসেরের জার্সি গায়ে এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেননি পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই তারকা। যদিও, সৌদি প্রো লিগে এখনও শিরোপা জয়ের সুযোগ রয়েছে আল নাসেরের সামনে।