ওয়েলিংটনে জয়ের দোরগোড়ায় পৌঁছেও হতাশ হতে হয়েছিল ভারতকে। প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিলেন শুভমান গিল। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এক সময় ৭০ রানে ৫ উইকেটও তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণারা।
কিন্তু গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেলের প্রতিরোধ হতাশ ও ক্লান্ত করে তোলে ভারতীয় বোলারদের। শেষ দিনে ১৫ ওভারের খেলা বাকি থাকতে শেষ পর্যন্ত ড্রয়ের সমঝোতা করে নেয় দুই দল। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে অনেক প্রশ্নও উঠেছিল।
এ বার সেই হতাশা ভুলে ক্রাইস্টচার্চে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামছে শুভমান গিলের ভারত। শুক্রবার থেকে হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। শুধু সিরিজ জেতাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় জরুরি ভারতের।
ব্যাটিংয়ে স্বস্তি, বোলিংয়ে চিন্তা
ওয়েলিংটনে ভারতের ব্যাটিং ছিল দুরন্ত। প্রথম সাত ব্যাটারের মধ্যে ছ’জনই হাফ সেঞ্চুরি করেছিলেন। কে এল রাহুলের ১৩৬ এবং ঋষভ পন্থের ১২৮ রানের ইনিংসের সৌজন্যে ৭২০-৯ তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত।
প্রায় এক বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরে ভাল বল করেছিলেন বুমরা। কিন্তু নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট পড়ার পরেও শেষ পর্যন্ত জয় অধরা থেকে যায়। দীর্ঘ সময় ধরে ব্যাট করে ভারতীয় বোলারদের ক্লান্ত ও হতাশ করে দেন হেনরি নিকোলস, ফিলিপস এবং মিচেল।
ক্রাইস্টচার্চে তাই ভারতের প্রধান লক্ষ্য হবে, প্রতিপক্ষের ব্যাটিংয়ে দ্রুত ধস নামানো। বিশেষ করে প্রথম টেস্টে যে সুযোগগুলি তৈরি করেও কাজে লাগানো যায়নি, সেগুলি এ বার কাজে লাগাতে হবে বোলারদের। কিন্তু কোনো আনকোরা পেসারকে এমন একটি টেস্টে নামিয়ে দিলে কি তা কার্যকর হবে? প্রশ্ন এখানেই।
শুক্রবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে নিজে না এসে গৌতম গম্ভীর পাঠিয়ে দিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেলকে। উপস্থিত সাংবাদিকরা অবশ্য তাতে খুশিই হয়েছেন। কারণ, ব্যাটিংয়ের চেয়ে ভারতের বোলিং নিয়েই এখন বেশি প্রশ্ন এবং মর্কেলকে সে সব প্রশ্ন করাও হয়।
মর্কেলের মুখে যতটা না শোনা গিয়েছে সিরাজের কথা, তার চেয়ে অনেক বেশি শোনা গেল গুরনুর ব্রারের কথা। ভারতীয় বোলিং কোচ বলেন, ‘ভারতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই গুরনুরকে নিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। ওর গতি এবং বাউন্স আদায় করার ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, এখানকার পরিবেশের সঙ্গে ও ভাল মানিয়ে নিতে পারবে’।
আর সিরাজের প্রসঙ্গে মর্কেল বলেন, ‘সিরাজ ভাল বল করছে। কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি, একটু পিছিয়ে গিয়ে নিজের বোলিংটা বিশ্লেষণ করতে এবং কোথায় উন্নতি করা যায়, সেটা দেখতে। দল নির্বাচন তো আমাদের নিয়ন্ত্রণে নেই’।
তবে সিরাজের ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি মর্কেল। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সব বোলারই ফিট এবং খেলার জন্য তৈরি। আগামী কাল আমরা সিদ্ধান্ত নেব’।
ক্রাইস্টচার্চের পিচের চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন সেখানকার রিউরেটর জেডেন টোহিল। তিনি বলেছেন, ‘আদর্শ পরিস্থিতিতে ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াই হওয়া উচিত। সাধারণত এখানে শুরুতে বোলাররা সুবিধা পায়। তার পরে উইকেট ব্যাটারদের জন্য ভাল হয়ে ওঠে।’
তার মানে, ম্যাচের শুরুতে পেসাররা কিছুটা সুবিধা পাবেন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য ভাল হয়ে উঠবে উইকেট। এই পরিস্থিতিতে ভারতীয় শিবিরও নিশ্চয়ই এমন উইকেটই চাইবে, যেখানে পেসাররা নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। এবং সত্যিই যদি তাই হয়, তা হলে মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ একজন পেসারকে দলে রাখাই ভাল বলে ওয়াকিবহাল মহলের ধারনা।
কেন ক্রাইস্টচার্চে সিরাজকে খেলানো উচিত?
ওয়েলিংটনে প্রথম টেস্ট ড্র হওয়ার পর ভারতের বোলিংকে আরও আক্রমণকে ও শক্তিশালী করতে হবে। জশপ্রীত বুমরার সঙ্গে একজনকে যোগ্য সঙ্গত দিতে হবে, যিনি বুমরার সঙ্গে টানা প্রতিপক্ষের ব্যাটারদের ওপর চাপ বজায় রেখে যেতে পারেন। এক্ষেত্রে সিরাজই হওয়া উচিত ‘অটোমেটিক চয়েস’। এর কারণগুলি কী?
প্রথমত, প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ২০টি উইকেট নিতে ব্যর্থ হয়েছিল ভারত। ম্যাচ জিততে হলে অভিজ্ঞ একজন স্ট্রাইক বোলার হিসেবে সিরাজকে একাদশে রাখা জরুরি।
দ্বিতীয়ত, জসপ্রিত বুমরার ওপর থেকে চাপ কমানো দরকার। অজিঙ্ক রাহানে এবং আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারদের মতে, সিরাজ খেললে বোলিংয়ে বুমরার ওপর চাপ কমবে এবং তিনি যোগ্য সঙ্গী পাবেন।
তৃতীয়ত, ক্রাইস্টচার্চের উইকেটে সাধারণত পেস, বাউন্স এবং সিম মুভমেন্ট থাকে। এই ধরনের কন্ডিশন সিরাজের বোলিংয়ের জন্য খুবই উপযোগী এবং তিনি বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। ইংল্যান্ডেই তার প্রমাণ দিয়েছেন হায়দরাবাদের এই পেসার।
ভারতীয় শিবির থেকে জানানো হয়েছে, তাঁর সাম্প্রতিক ফর্মের জন্যই নাকি প্রথম টেস্টে তাঁকে প্রথম এগারোয় রাখা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, সাজঘরে বসিয়ে রাখলে কোনও খেলোয়াড়ের ফর্ম ফিরে আসে না, তাই তাঁকে মাঠে নামার সুযোগ দেওয়া উচিত। সিরাজের ক্ষেত্রেও ব্যাপারটা একই।
বিদেশের প্রতিকুল পরিবেশে চাপের মুখে লড়াই করার এবং দলকে ব্রেকথ্রু এনে দেওয়ার দারুণ অভিজ্ঞতা ও মানসিকতা সিরাজের রয়েছে। ইংল্যান্ডে এ পর্যন্ত ১১টি টেস্ট খেলেছেন সিরাজ। এই ১১টেস্টে ৩৩.২১-এর গড়ে ৪৬ উইকেট পেয়েছেন তিনি। ২০২৫-এ ইংল্যান্ডে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছিলেন তিনিই। ২-২-এ ড্র হওয়া সিরিজে পাঁচটি টেস্টে ২৩ উইকেট নেন তিনি।
সেই সিরিজে মোট ১,১১৩টি বল করেছিলেন তিনি। এজবাস্টনে প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেছিলেন। এর পর ওভালে পঞ্চম টেস্টে আরও এক অবিস্মরণীয় পারফরম্যান্স। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট (প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট) তুলে নিয়েছিলেন তিনি।ওভাল টেস্টের শেষ দিনের সকালে ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ধস নামিয়ে ভারতের রুদ্ধশ্বাস ৬ রানের জয় নিশ্চিত করেছিলেন তিনি।
এমন একজন পরীক্ষিত বোলারকে কেন এই টেস্টে নেওয়া হবে না, তার যথার্থ যুক্তি গৌতম গম্ভীর দিতে পারবেন না বলেই হয়তো এ দিন সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি।
ঘরের মাঠের উইকেট নিয়ে সতর্ক ম্যাট হেনরি
ক্রাইস্টচার্চে নিজের ঘরের মাঠে খেলবেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। হ্যাগলি ওভালের পরিবেশ তাঁর পরিচিত। তবে মাঠের মাঝখানের বাইশ গজ জমিটির চরিত্র নিয়ে তিনিও নিশ্চিত নন। হেনরি বলেছেন, ‘নিউজিল্যান্ডে সাধারণত ঘাসে ঢাকা উইকেটগুলি সময়ের সঙ্গে আরও ভাল হয়ে ওঠে। এখানেও সেটাই হয়েছে। পিচে বাউন্স থাকলে বোলাররা নিজেদের খেলায় রাখতে পারে। কিন্তু পিচ যখন ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যায়, তখন বোলারদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে পড়ে’। ওয়েলিংটনের পিচেও শুরুতে বোলাররা সাহায্য পাবেন, এমন আশা করা হয়েছিল। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, উইকেট ততই নিষ্প্রাণ হয়ে পড়েছে। কিন্তু কিউরেটর জেডেন টোহিল বলেছেন অন্য কথা। তা হলে সিরাজ নয় কেন?
গৌতম গম্ভীরের জেদের কঠিন পরীক্ষা
স্রোতের বিরুদ্ধে যাওয়াই ভারতীয় কোচ গৌতম গম্ভীরের অভ্যাসে পরিণত হয়েছে। বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেও যা তিনি করেছেন, সেই একই জিনিস করছেন সিরাজের ক্ষেত্রেও। ভারতীয় মিডিয়ার একাংশে খবর প্রকাশিত হয়েছিল মর্কেল যে ভাবে নেটে তাঁকে বোলিং করতে বলেছিলেন, সিরাজ নাকি সে ভাবে বোলিং করেননি বলেই তাঁকে ওয়েলিংটনে দল থেকে বাদ দেওয়া হয়। এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। ভারতীয় দলের সূত্রেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।
তবে সত্যিই যদি এমন হয়ে থাকে, তা হলে তা বলতেই হবে, ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। এবং এর জন্য ভারতীয় কোচের কাছে জবাবদিহি চাওয়া উচিত।
২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেই খরা কাটানোর সুযোগ এ বার শুভমানদের সামনে। ওয়েলিংটনে জয়ের খুব কাছে গিয়েও ভুল হয়েছিল। ক্রাইস্টচার্চে টেস্ট শুরুর আগেই তা শুধরে নিতে পারবে ভারত? উত্তর পাওয়া যাবে কয়েক ঘণ্টা পরেই।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=vdMw_caFYrH6u47H” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>