শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কায় জর্জরিত ভারতীয় দল (Team India )। দু-একজন নয়, বর্তমানে ১৩ জন ক্রিকেটার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ (CoE) সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তার মধ্যেই বড় উদ্বেগ যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নিয়ে। বুমরার মাঠে ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমাই নাকি এখনও ঠিক হয়নি। হার্দিকের রিহ্যাবেও এসেছিল নতুন বাধা।
এক সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী, বাঁ হাঁটুতে চোট নিয়ে সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। রিকভারির সময় দৌড়নো এবং এক পায়ে করা কিছু ব্যায়ামের সময় অস্বস্তি অনুভব করেন তিনি। ফলে কবে তিনি আবার মাঠে ফিরতে পারবেন, সেই বিষয়ে আপাতত কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি।
বুমরাহ (Jasprit Bumrah) ছাড়াও হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডি ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন। ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শনের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে একের পর এক চোটে ভারতীয় দলের পরিকল্পনা বেশ চাপে পড়ে গিয়েছে।
হার্দিকের (Hardik Pandya) ক্ষেত্রেও এল নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে। বাঁ উরুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় পূর্ণ গতিতে বোলিং শুরু করেছিলেন তিনি। তার পরেই ডান পায়ের কাফ মাসলে ব্যথা অনুভব করেন। পরীক্ষায় বড় কোনও চোট ধরা পড়েনি। তবু ঝুঁকি না নিয়ে তাঁকে দৌড়নো এবং বোলিং বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে হার্দিকের (Hardik Pandya) পরিস্থিতি এখন কিছুটা স্বস্তিদায়ক। চিকিৎসায় ভাল সাড়া দিয়েছেন তিনি এবং ফের দৌড় শুরু করেছেন। খুব শীঘ্রই তাঁর বোলিংয়ের পরিমাণও বাড়ানো হবে বলে রিপোর্টে জানানো হয়েছে।
এর মধ্যেই ভারতীয় শিবিরে নতুন করে চিন্তা বাড়িয়েছেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান তিনি। সেই কারণে শুক্রবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মাঠে নামেননি গিল (Shubman Gill)। দ্বিতীয় দিনেও ব্যাট করতে নামচে পারেননি তিনি। তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন কে এল রাহুল।
গিলের চোট নিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘বৃহস্পতিবার ভারতের অনুশীলনের সময় অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) ডান হাতের অনামিকায় আঘাত লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তিনি মাঠে নামবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁর পরিস্থিতির উপর নজর রাখছে।গিলের অনুপস্থিতিতে রাহুল দলকে নেতৃত্ব দেবেন।’
দেখুন: শিল্পবান্ধব বাংলাই আমাদের লক্ষ্য: মৌমিতা বিশ্বাস মিশ্র
১৫ অগস্ট গল-এ শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ। তার আগে একসঙ্গে এত ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বুমরার (Jasprit Bumrah) ফেরার কোনও নির্দিষ্ট সময় না থাকায় উদ্বেগ আরও বেড়েছে। আর হার্দিকের (Hardik Pandya) চোটের পরিস্থিতির উপরও এখন নজর রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।