ভুয়ো কোভিড শংসাপত্র পেশ করে দোষী সাব্যস্ত সুইস ফুটবলার জাকা, ১.৭ কোটি টাকা জরিমানা

Photo: Representational Image

ভুয়ো কোভিড টিকার শংসাপত্র পেশ করার অপরাধে দোষী সাব্যস্ত হলেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা (Granit Xhaka)। তাঁকে ১ লক্ষ ৫০ হাজার সুইস ফ্রাঁ (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৭ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের ভুলের দায় স্বীকার করেছেন সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। তবে আইনি প্রক্রিয়া শেষ হলেও সুইজারল্যান্ডের জাতীয় দলে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

২০২২-এ আর্সেনালের হয়ে খেলার সময় ভুয়ো কোভিড টিকার শংসাপত্র সংগ্রহ করেছিলেন জাকা (Granit Xhaka)। সেই ঘটনার তদন্তের পর সুইজারল্যান্ডের লুসানের সরকারি কৌঁসুলির দপ্তর তাঁর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত জানিয়েছে। জরিমানার অঙ্ক ১ লক্ষ ৫০ হাজার সুইস ফ্রাঁ। ৩৪ বছর বয়সি ফুটবলারকে ৩ হাজার সুইস ফ্রাঁ করে ৫০ দিনের জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দু’বছরের পরীক্ষামূলক সময়সীমার মধ্যে নতুন কোনও অপরাধ না করলে জরিমানা দিতে হবে না তাঁকে। মামলার আইনি খরচ অবশ্য ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন জাকা।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছেন সুইস অধিনায়ক। জাকা (Granit Xhaka)লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে আমি নিজেই জানিয়েছিলাম, নিজের সিদ্ধান্তের দায় নেব। সেই অবস্থান থেকে আমি একটুও সরছি না। সরকারি কৌঁসুলির দফতরে বিস্তারিত বক্তব্য জানানোর পর এ বার রায় ঘোষণা করা হয়েছে। আমি সেই সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং নিজের কাজের দায় স্বীকার করছি।’


আরও পড়ুন: রাঁচির নেটে ঝড় তুললেন ইশান, নজর কাড়লেন বৈভবও! আজ কি খেলার সুযোগ পাবেন কিশোর তারকা?

গত মাসেই এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন জাকা। সেই সময় কোভিডের টিকা নিয়ে তাঁর মনে গভীর অবিশ্বাস ও সংশয় ছিল বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু এখন নিজের সিদ্ধান্তকে ভুল বলেই মনে করছেন সুইস তারকা।

জাকা (Granit Xhaka) বলেছিলেন, ‘কোভিডের টিকা নিয়ে সেই সময় আমি খুব উদ্বিগ্ন ছিলাম। টিকার উপর গভীর অবিশ্বাস ছিল আমার। নানা সংশয় ও দুশ্চিন্তা কাজ করছিল। এখন বুঝতে পারছি, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা একটা ভুল ছিল। এর জন্য আমি দুঃখিত।’

মাঠের বাইরের এই বিতর্কের প্রভাব পড়েছে জাকার আন্তর্জাতিক কেরিয়ারেও। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর সুইজারল্যান্ডের হয়ে সাম্প্রতিক চারটি উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলেননি তিনি। উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে দু’টি এবং স্কটল্যান্ড ও স্লোভেনিয়ার বিরুদ্ধে একটি করে ম্যাচে দলের বাইরে ছিলেন সুইস অধিনায়ক।

জাকার অনুপস্থিতিতে অবশ্য চারটি ম্যাচেই জিতেছে সুইজারল্যান্ড। তবে দেশের হয়ে ১৫২টি ম্যাচ খেলা এই ফুটবলার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সুইজারল্যান্ডের জাতীয় দলের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। তাই তাঁকে ছাড়া দল দীর্ঘ দিন চলার কথা ভাবছে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে ফুটবলমহলে।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে ১০ ওভার বল করতেই হবে হার্দিককে, চোট সারানোর মন্ত্র দিলেন ভারতীয় দলের প্রাক্তন ট্রেনার

সুইস ফুটবল সংস্থার সভাপতি পিটার ন্যাবেল জানিয়েছেন, জাকার সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। তিনি বলেন, ‘নিজের ভুলের দায় স্বীকার করে জাকা (Granit Xhaka) যে পদক্ষেপ করেছে, তাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই আন্তর্জাতিক পর্বে ওকে ছাড়াই প্রস্তুতি নিতে দেওয়া উচিত দলকে।’

ন্যাবেল আরও জানিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচের এই পর্ব শেষ হওয়ার পরে জাকার সঙ্গে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা হবে। তাঁর কথায়, ‘এই আন্তর্জাতিক পর্ব শেষ হলে আমরা জাকার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।’

সুইজারল্যান্ডের পাশাপাশি ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডেরও অধিনায়ক জাকা (Granit Xhaka)। আর্সেনাল ছাড়ার পরে বেয়ার লেভারকুসেনের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে যোগ দেন সান্ডারল্যান্ডে। ক্লাব ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনও সিদ্ধান্তের কথা জানা যায়নি। তবে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করবে জাকা ও সুইস ফুটবল সংস্থার আলোচনার উপর।

আইনি শাস্তি মেনে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জাকা। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হিসাবে তাঁর দায়িত্ব এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে। আগামী দিনে সুইজারল্যান্ডের জার্সিতে তাঁকে আবার দেখা যাবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্তের জন্য।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=A59_scmUyh_aEOX6″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>