ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। ব্যাট হাতে ছন্দ হারানো সূর্যকুমার যাদবের সামনে এ বার ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। মুম্বইয়ের অধিনায়ক করা হল ‘স্কাই’-কে।
সূর্যকুমারের শেষ ম্যাচ ছিল ২০২৬-এর আইপিএলে। তার পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব তাঁকে ভারতীয় দল থেকে ছিটকে দিয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টির মঞ্চে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে এ বার সেই ছন্দ ফিরে পাওয়াই তাঁর লক্ষ্য হতে পারে।
মুম্বইয়ের এই দলে সূর্যকুমার ছাড়াও রয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য শিবম দুবে। পাশাপাশি জায়গা পেয়েছেন সরফরাজ খান, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে এবং কেকেআরের তরুণ ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী। উইকেটকিপার হিসেবে রয়েছেন রঘুবংশী ও হার্দিক তামোরে।
তবে রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেওয়া সিদ্ধেশ লাডকে এই টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। অর্থাৎ লাল বলের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব সামলানো লাডের পরিবর্তে সাদা বলের ফরম্যাটে ভরসা রাখা হল সূর্যকুমারের উপর।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এলিট গ্রুপ ডি-তে রয়েছে মুম্বই। গ্রুপের সব ম্যাচই তারা খেলবে কলকাতায়। ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিযান শুরু করবে সূর্যর দল। তার পর ১৬ নভেম্বর গুজরাত এবং ১৮ নভেম্বর গোয়ার মুখোমুখি হবে তারা। ২০ নভেম্বর বিদর্ভ, ২২ নভেম্বর ছত্তিসগড়, ২৪ নভেম্বর ওড়িশা এবং ২৬ নভেম্বর উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলবে মুম্বই।
অধিনায়ক নির্বাচিত হওয়ার পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি সূর্যকুমার। তাঁর কথায়, ‘মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়ই গর্বের বিষয়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই প্রতিভাবান দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত’।
দলের অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ নিয়েও আশাবাদী তিনি। সূর্যের বক্তব্য, ‘আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েক জন প্রতিশ্রুতিমান তরুণ রয়েছে। আমি আত্মবিশ্বাসী, দল হিসেবে আমরা একজোট হয়ে খেলব, প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেব। আমাদের লক্ষ্য শেষ পর্যন্ত লড়াই করে ট্রফি জিতে ঘরে ফেরা’। সূর্যকুমারের কাছে লক্ষ্য দু’টি— মুম্বইকে ট্রফি জেতানো এবং নিজের ব্যাটিংয়ের পুরনো ছন্দ ফিরে পেয়ে জাতীয় দলে ফেরার দাবিকে জোরালো করা।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের ১৬ সদস্যের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার), দিব্যাংশ সাক্সেনা, সুয়েদ পারকর, মুশির খান, সরফরাজ খান, সাইরাজ পাটিল, শিবম দুবে, অথর্ব আনকোলেকর, শার্দূল ঠাকুর, তুষার দেশপান্ডে, শামস মুলানি, ম্যাক্সওয়েল স্বামীনাথন, মোহিত অবস্থী, সিলভেস্টার ডি’সুজা এবং হার্দিক তামোরে (উইকেটকিপার)।