ফুটবল মাঠের বাইরেও সমাজ বদলের স্বপ্ন! ফিফার বিশেষ কর্মসূচিতে সুনীল ছেত্রী, কী করতে চান কিংবদন্তি?

Sunil Chhetri Photo-SNS

শুধু গোল করা কিংবা ট্রফি জেতাই নয়, ফুটবলের মাধ্যমে সমাজেও পরিবর্তন আনতে চান সুনীল ছেত্রী। সেই লক্ষ্যেই ফিফার বিশেষ উদ্যোগে শামিল হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

ফিফার ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে জায়গা পেয়েছেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ছেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন মহিলা ফুটবলার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস।

এই কর্মসূচির মূল লক্ষ্য, ফুটবলারদের জনপ্রিয়তা, অভিজ্ঞতা এবং সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সমান সুযোগের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া।


‘ শেখা বিষয়গুলি কাজে লাগাতে চাই’

এই কর্মসূচিতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ৪২ বছরের ছেত্রী। ফিফার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা যা শিখেছি, সেগুলি বাস্তবে প্রয়োগ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এই কর্মসূচিতে পুরুষ ও মহিলা ফুটবলারদের মধ্যে কোনও পার্থক্য দেখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ‘‘আমার মনে হয় না এখানে পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও পার্থক্য রয়েছে। আমরা শুধু বিভিন্ন দেশের অসাধারণ ব্যক্তিত্ব এবং বিশ্বের প্রথম সারির কয়েক জন ফুটবলারের সঙ্গে দেখা করছি।’

২০০৫ থেকে ২০২৫ পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ছেত্রী। দেশের হয়ে দীর্ঘ দু’দশকের কেরিয়ারে তাঁর অভিজ্ঞতাকে এ বার সমাজের কাজে লাগাতে চায় ফিফা।

ফিফার প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম কী?

২০২৫ সালে শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে পরীক্ষামূলক ভাবে এই কর্মসূচি শুরু করেছিল ফিফা। তার সাফল্যের পর দ্বিতীয় সংস্করণে প্রথম বার পুরুষ ফুটবলারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ছেত্রীই এই কর্মসূচির প্রথম পুরুষ সদস্য।

চলতি বছরের জুনে আমেরিকার বস্টনে তিন দিনের বিশেষ কর্মশালায় যোগ দিয়েছিলেন ১১ জন ফুটবলার। সেখানে নিজেদের অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের জন্য কী করতে চান, তা নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণও পেয়েছেন তাঁরা।

ফিফার মতে, মাঠে ফুটবলারদের প্রভাব যতটা গুরুত্বপূর্ণ, মাঠের বাইরেও তাঁদের ভূমিকা ততটাই তাৎপর্যপূর্ণ। বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঠে খেলোয়াড়দের প্রভাব দেখা যায়। কিন্তু তাঁরা যে উত্তরাধিকার তৈরি করেন, তার পরিধি ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে।’

গত বছরের কর্মসূচিতে অংশ নেওয়া ফুটবলারদের কেউ নিজেদের ফাউন্ডেশন তৈরি করেছেন, কেউ ফুটবল অ্যাকাডেমি গড়েছেন, আবার কেউ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সমাজের সমস্যার সমাধানে কাজ করছেন।

ডিসেম্বরে লন্ডনে পরবর্তী পর্ব

এই কর্মসূচির পরবর্তী গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। লন্ডনে একত্রিত হয়ে এবং অনলাইন আলোচনায় অংশ নিয়ে নিজেদের প্রকল্পের পরিকল্পনা তুলে ধরবেন ফুটবলারেরা। ছেত্রীও ভারতের জন্য একটি সামাজিক উদ্যোগের পরিকল্পনা চূড়ান্ত করছেন বলে জানা গিয়েছে।

ছেত্রীর পাশাপাশি এই কর্মসূচিতে রয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস, দক্ষিণ কোরিয়ার কেসি ফেয়ার, ব্রাজিলের গাবি নুনেস, জাপানের হিনা সুগিতা, কানাডার জেসি ফ্লেমিং, ফ্রান্সের কেনজা দালি, মেক্সিকোর মারিয়া সানচেজ, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, আমেরিকার ফ্যালন টুলিস-জয়েস, জাম্বিয়ার রাচেল কুন্দানানজি, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং নিউজিল্যান্ডের রেবেকা স্টট।

ভারতীয় ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ছেত্রী এ বার মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন। তাঁর লক্ষ্য, ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য আরও ভাল সুযোগ তৈরি করা।