অনুশীলনের জন্য মাঠ পাচ্ছেন না হাবাস, দলবল নিয়ে কলকাতার বাইরে চলে যাওয়ার কথা ভাবছেন?

Habas Kolkata Practice Photo-SNS

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর দ্বিতীয় ম্যাচের আগে আচমকাই অনুশীলনের মাঠ নিয়ে সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল। আসন্ন ভারত বনাম ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠ ব্যবহার করতে পারছে না লাল-হলুদ বাহিনী।

পাশাপাশি, রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের (এনসিই) মূল মাঠে আসন্ন এই দুই ম্যাচের জন্য ভারতীয় দল অনুশীলন সারবে। যার ফলে, আপাতত প্রস্তুতির জন্য এই মাঠও পাচ্ছে না লাল-হলুদ ব্রিগেড। একই সঙ্গে, ক্লাবের নিজস্ব মাঠের অবস্থা মোটেই ভাল না। বৃষ্টিতে মাঠের বেহাল দশা। তার উপর এই মাঠেই চলছে আইএফএ শিল্ডের খেলাও। জুনিয়র দলও প্রস্তুতি সারছে। যার ফলে, এনসিই’র টার্ফের মাঠেই অনুশীলন করাতে বাধ্য হচ্ছেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

কিন্তু কতদিন এই অচলাবস্থা সহ্য করবেন তিনি, এটাই প্রশ্ন। এমনিতেই বেশ কড়া কোচ হাবাস। বেনিয়ম সহ্য করতে পারেন না। সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। তার ওপর আইএসএলের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। এর প্রস্তুতিতে কোনোরকম খামতি তিনি সহ্য করবেন কি না, সেটাই প্রশ্ন।


শোনা যাচ্ছে, সে রকম হলে শহরের বাইরে গিয়েও অনুশীলন করতে পারে হাবাস-বাহিনী। কারণ, শিল্ডের ফাইনালে উঠলেও তিনি তাঁর দলের কোনো খেলোয়াড়কে ছাড়বেন বলে মনে হয় না। সে জন্যই দলবল নিয়ে বাইরে চলে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। ভারতের জোড়া ম্যাচ হয়ে যাওয়ার পর তার পরে হয়তো শহরে ফিরতে পারেন।

এইসবের মধ্যেই রবিবার ক্যালকাটা কাস্টমসকে পাঞ্জাব এফসি সাত গোলে হারানোয় এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। আগামী বুধবার এই পাঞ্জাবের বিরুদ্ধেই গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে নামতে চলেছেন রোহিত দানু, মনোতোষ চাকলাদাররা। এদিকে, শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি পোল্যান্ডের স্ট্রাইকার লুকাস জেলোনস্কি।