কর্ণাটক ক্রিকেট সংস্থা এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দু’টি স্ট্যান্ডের নামকরণ করা হল ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলের নামে। আরেকটি স্ট্যান্ডের নামকরণ করা হল ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামীর নামে। কর্ণাটক ক্রীড়া সংস্থার এই সম্মানকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিন প্রাক্তন ক্রিকেটার।
কেএসসিএ সভাপতি বেঙ্কটেশ প্রসাদ উদ্যোগী হন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের একটি স্ট্যান্ড দ্রাবিড় এবং কুম্বলের নামে করতে। সেই মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই নামকরণের কাজ সম্পূর্ণ হল। নিজেদের নামের স্ট্যান্ড দু’টি উদ্বোধন করেন রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলে নিজেই। এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছর ৫০ বছর পূর্ণ হল বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের।
দ্রাবিড় এবং কুম্বলের সঙ্গে ভারতীয় দলে দীর্ঘ দিন খেলেছেন প্রসাদ। তিনি কেএসসিএ সভাপতি হওয়ার পর দুই সতীর্থকে সম্মানিত করার সিদ্ধান্ত নেন। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই কেএসসিএ সভাপতির উদ্যোগ। শুক্রবারের অনুষ্ঠানে দ্রাবিড় বলেন, ‘এই মাঠটা আমার দ্বিতীয় বাড়ি। বাড়িতে যত সময় কাটিয়েছি, তার চেয়ে অনেক বেশি সময় সম্ভবত এই মাঠে কাটিয়েছি। এটা সেই জায়গা, যেটা আমাকে বহু আনন্দ দিয়েছে। আবার কষ্ট, হতাশাও দিয়েছে। তবে এই মাঠটাই আমায় সব কিছু দিয়েছে। এই মাঠই আমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। এমন একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য কেএসসিএ-কে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার। কারণ এই মাঠই তো আমার জীবন।’
নিজের রাজ্য সংস্থার দেওয়া সম্মানে গর্বিত কুম্বলেও। প্রাক্তন লেগ স্পিনার বলেছেন, ‘আমাদের সকলের অবদান মিলিয়ে যেমন কেএসসিএ গড়ে উঠেছে, তেমন কেএসসিএও আমাদের গড়ে তুলেছে। কার নাম কোন স্ট্যান্ডে বা স্টেডিয়ামের কোথায় লেখা রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। অবদান স্বীকৃতি পাওয়াটাই আসল কথা। স্টেডিয়ামে স্থায়ী ভাবে নাম লেখা হয়েছে। দ্রাবিড় এবং রঙ্গস্বামীর মতো দু’জন প্রাক্তনের সঙ্গে একই ভাবে সম্মানিত হতে পেরে বেশি ভাল লাগছে। কর্নাটক এবং ভারতের ক্রিকেটে ওদের বিশাল অবদান রয়েছে।’ উল্লেখ্য, রঙ্গস্বামী ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টেস্টে শতরান করেন।
দ্রাবিড় এবং কুম্বলের নামে স্ট্যান্ড হওয়ায় প্রসাদের প্রশংসা করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘দ্রাবিড় এবং কুম্বলের নামে স্ট্যান্ড। প্রশংসনীয় কাজ করেছ প্রসাদ। ওঁদের মতো যোগ্য কেউ নেই কর্ণাটক এবং ভারতীয় ক্রিকেটে। সৌরভ আরও বলেন, ভারতের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথের নাম অবশ্যই জায়গা পাবে। আশা করব বিশ্বনাথের নামে একটা স্ট্যান্ড হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।’