‘গম্ভীর নয়, ভারতের দরকার ধোনির মতো মেন্টর’, বিস্ফোরক মন্তব্য শ্রীশান্তের

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে সরব হলেন প্রাক্তন ভারতীয় পেসার এস শ্রীশান্ত। তাঁর মতে, ভারতীয় দলের গম্ভীরের মতো কোচ নয়, বরং এমএস ধোনির মতো একজন মেন্টরের প্রয়োজন বেশি।

শুক্রবার এক সাক্ষাৎকারে শ্রীশান্ত সরাসরি বলেন, “ভারতের একজন কোচ নয়, একজন মেন্টর দরকার। প্রথমে একজন ভাই হতে হবে। জিতলে শুধু হাসবে আর হারলে রেগে যাবে—এটা হতে পারে না। তুমি দেশের জন্য অনেক কিছু করেছ, সেটা ভালো কথা। কিন্তু তার মানে এই নয় যে, অন্যেরা চেষ্টা করছে না। কোচের চেয়ে একজন মেন্টর থাকাই ভালো।”

শ্রীশান্তের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, গম্ভীরের কোচিং পদ্ধতি অত্যন্ত কঠোর ও প্রচলিত ধাঁচের। তাঁর মতে, খেলোয়াড়দের সঙ্গে আরও মানবিক ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, ভারতের সাম্প্রতিক সাফল্যের কৃতিত্ব পুরোপুরি গম্ভীরকে দেওয়ার পক্ষে নন শ্রীশান্ত। তিনি প্রশ্ন তোলেন, “যদি সঞ্জু স্যামসন না থাকত, সূর্যকুমার যাদব নেতৃত্ব না দিত, আর মাঠে সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়া হতো, তাহলে কি ভারত টি-২০ বিশ্বকাপ জিতত? মাঠে কি কোচ সিদ্ধান্ত নিয়েছেন?”


ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী প্রথম দলের সদস্য এই প্রাক্তন পেসারের মতে, ভারতীয় দলের জন্য ধোনির মতো শান্ত, অভিজ্ঞ এবং খেলোয়াড়দের কাছের একজন আদর্শ ব্যক্তিত্ব অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারেন। তাই তিনি ধোনিকে জাতীয় দলের মেন্টর হিসেবে নিয়ে আসার পক্ষে সওয়াল করেছেন। যদিও গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ইতিমধ্যেই সাদা বলের ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, যার মধ্যে রয়েছে টি-২০ বিশ্বকাপ জয়ও। ফলে শ্রীশান্তের এই মন্তব্য ক্রিকেটমহলে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।