ডার্বির উত্তাপ যত বাড়ছে, ততই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন আন্তোনিও লোপেজ হাবাস। রবিবার আইএসএলের প্রথম ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার আগে সাংবাদিক বৈঠকে মোহনবাগানকে ফেভারিট বলে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না হাবাস। তবে সঙ্গে এও জানিয়ে দিলেন যে, আইএসএলে ইস্টবেঙ্গলের কোনো ডার্বি না জিততে পারার পরিসংখ্যান এ বার বদলাতেও পারে।
মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ডার্বি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করা হয়েছিল লাল-হলুদ কোচকে। তাঁকে মনে করিয়ে দেওয়া হয় আইএসএলের ইতিহাসে ১১বার ডার্বি হলেও একবারও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। কিন্তু অতীতের হিসাব নিয়ে বেশি ভাবতে নারাজ তিনি। বরং সেই পরিসংখ্যান বদলানোর লক্ষ্যই স্থির করেছেন স্প্যানিশ মহাগুরু। হাবাসের কথায়, ‘আমরা এই পরিসংখ্যান বদলাতে চাই। আগে যে সব ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারেনি, তাতে তা আর আমি ছিলাম না’।
আইএসএলের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে মোহনবাগান। অন্য দিকে, ইস্টবেঙ্গল রয়েছে সাত নম্বরে। তবে দু’টি ম্যাচ কম খেলেছে লাল-হলুদ ব্রিগেড। পরিস্থিতি বিচার করে নিজের প্রাক্তন দলকেই ডার্বিতে এগিয়ে রাখছেন বাস্তববাদী হাবাস।
তবে তাঁর মতে, প্রথম চার-পাঁচটি ম্যাচ দেখে কোনও দলের সামগ্রিক শক্তি বিচার করা যায় না। হাবাস বলেন, ‘লিগের প্রথম চার-পাঁচটা ম্যাচ দেখে কোনও দল সম্পর্কে বিশ্লেষণ করা যায় না।আমরা তো সবে চারটি ম্যাচ খেলেছি। ওদের ইতিমধ্যেই ছ’টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে’।
ডার্বির আগে হাবাসের স্মৃতিতে ভেসে বেড়াচ্ছে ডুরান্ড কাপের ফাইনাল। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। সেই পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে হাবাস বলেন, ‘ম্যাচটা নিখুঁত ছিল। আমরা ৪-১ গোলে জিতেছিলাম এবং ট্রফি জিতেছিলাম। এ বারও সে রকমই খেলতে হবে আমাদের’।
তবে রবিবারের ম্যাচ যে সম্পূর্ণ আলাদা হতে চলেছে, তা-ও জানেন ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ড ফাইনালের ফলকে ডার্বির সঙ্গে মেলাতে চান না তিনি। এই ব্যাপারে তিনি মোহনবাগান কোচ প্যানায়োতিস দিমপেরিসের সঙ্গে একমত।
বহু ডার্বির অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই ডার্বির চাপ কেমন? এই প্রশ্নের উত্তর তিনিই ভাল দিতে পারবেন। এই প্রশ্ন করতে এক মজার উদাহরণ দিলেন হাবাস। বলেন, ‘ডার্বিতে নামার আগে মনে হয়, যেন দাঁতের চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। অনুভূতিটা অনেকটা সেই রকম’।
তবে সেই চাপ যে সাধারণ ম্যাচের চেয়ে অনেক বেশি, তা মেনে নিতে দ্বিধা নেই তাঁর। হাবাস বলেন, ‘নিশ্চয়ই চাপ অনেক বেশি। তবে আমাদের লক্ষ্য, এই চাপ যেন ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সে কোনও প্রভাব না ফেলে’।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ সদ্য আল হুসেনের বিরুদ্ধে জিতেছে ইস্টবেঙ্গল। তা পরই দল নামাচ্ছেন ডার্বিতে। গত ম্যাচে জয়ের ফলে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। দলের ফুটবলারদের উপরেও পূর্ণ আস্থা রয়েছে হাবাসের। বলেন, ‘আমার ফুটবলাররা বিশ্বের সেরা। সে আমি যে ক্লাবেই কাজ করি। আমার কাছে আমার ছেলেরাই সেরা। আমি সবময়ই এটাই বিশ্বাস করি। এ বারও তার অ্ন্যথা হচ্ছে না’। অনুশীলনে এবং ব্যক্তিগত কথাবার্তার মাধ্যমে সেই আত্মবিশ্বাসই ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
ডার্বিতে তিন পয়েন্টের লড়াই থাকলেও সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব যে অনেক বেশি, তা স্বীকার করেছেন ইস্টবেঙ্গল কোচ। মোহনবাগানে নিজের কোচিংয়ের সময়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ষষ্ঠ বা সপ্তম স্থানে থাকা দলও শেষ পর্যন্ত লিগ জিততে পারে। ডার্বির আগে হাবাসের শেষ কথা, ‘ফুটবলে সব কিছুই সম্ভব’। রবিবার সেটাই প্রমান করতে চান তিনি।