ইয়ামাল-রদ্রিদের হাত ধরে শিরোপার স্বপ্ন, বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেন

ইউরো জয়ের পর এবার তাদের লক্ষ্য বিশ্বকাপ। বিশ্বকাপের আগে স্পেনকে অন্যতম বড় দাবিদার হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। তরুণ বিস্ময়বালক লামিন ইয়ামাল, মিডফিল্ডের মস্তিষ্ক রদ্রি এবং অভিজ্ঞ তারকাদের সমন্বয়ে গড়া ‘লা রোহা’ এবার উত্তর আমেরিকার মাটিতে বিশ্বখেতাব জয়ের লক্ষ্যেই নামছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সের ঠিক পিছনে থাকা স্পেনের দলকে অনেকেই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলির অন্যতম বলে মনে করছেন।

কোচ লুই দে লা ফুয়েন্তের অধীনে গত কয়েক বছরে নিজেদের নতুন করে গড়ে তুলেছে স্পেন। টিকি-টাকা নির্ভর পুরনো দর্শনের সঙ্গে গতি ও সরাসরি আক্রমণের মিশেল ঘটিয়ে দলটিকে আরও কার্যকর করে তুলেছেন ফুয়েন্তে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর সেই আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে নামছে স্পেন।

এই দলের সবচেয়ে বড় আকর্ষণ ১৮ বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল। অল্প বয়সেই তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গে উইংয়ে রয়েছেন নিকো উইলিয়ামস, যিনি দুরন্ত ফর্মে আছেন। দুই প্রান্তের এই গতি ও সৃজনশীলতা প্রতিপক্ষ রক্ষণভাগের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে।


মিডফিল্ডে স্পেনের মূল ভরসা রদ্রি। চোট সারিয়ে ফিরে আসা এই তারকা দলের ছন্দ নিয়ন্ত্রণের পাশাপাশি রক্ষণ ও আক্রমণের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেন। তাঁর পাশে থাকবেন ফাবিয়ান রুই, যিনি সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন।

স্পেনের শক্তির জায়গা শুধু আক্রমণ বা মাঝমাঠ নয়, বরং পুরো দলের গভীরতা। রক্ষণভাগে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের মিশ্রণ রয়েছে। বেঞ্চেও এমন একাধিক খেলোয়াড় আছেন, যারা ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ফলে দীর্ঘ টুর্নামেন্টে চোট বা ক্লান্তির সমস্যার মোকাবিলা করার মতো সামর্থ্য স্প্যানিশদের রয়েছে।

তবে উদ্বেগও রয়েছে। বিশ্বকাপের ঠিক আগে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে ইয়ামালের হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। যদিও শেষ পর্যন্ত তাঁকে দলে রাখা হয়েছে এবং তিনি খেলার জন্য প্রস্তুত বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের পাশাপাশি স্পেনই এবারের বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার। তরুণ প্রতিভা, অভিজ্ঞ নেতৃত্ব এবং শক্তিশালী দলগত কাঠামোর কারণে ‘লা রোহা’ কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে ফুটবল বিশ্ব। ইউরোপ জয়ের পর এবার বিশ্ব জয়ের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া স্পেন।