এখন ইডেনে উদ্যানে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট চলছে। সামনে রয়েছে সুপার এইটে ভারতের ম্যাচ এবং সেমিফাইনাল। ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ৪ মার্চ সেমিফাইনাল। তবে পাকিস্তান উঠলে বঞ্চিত হবে ইডেন। গুরুত্বপূর্ণ দুটো ম্যাচের আগে যুদ্ধকালীন তৎপরতার চলছে প্রস্তুতি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় এবং সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সের এসএম, ভিএসএম, জিওসি মেজর জেনারেল ডিকে সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ছিলেন সিএবি’র সচিব বাবলু কোলে, বেঙ্গল সাব এরিয়া হেড কোয়ার্টার্সের সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগ।
মেজর জেনারেল ডিকে সিং নতুন দায়িত্বে আসার পর এই প্রথম সিএবি কর্তাদের সঙ্গে পরিচিত হলেন। তাঁর হাতে টি-২০ বিশ্বকাপের বিশেষ স্মারক তুলে দেওয়া হয় সিএবির তরফে। জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সের লিজ-সহ স্টেডিয়ামের সংস্কারের কাজের বিষয়ে সেনা কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিএবি কর্তারা।
নতুন রূপে সেজে উঠবে ক্রিকেটের নন্দনকানন। খুব শীঘ্রই কাজ শুরু হবে। বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স।