সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) প্রাণনাশের হুমকি! প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতির (Sourav Ganguly) পাশাপাশি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর সঙ্গে থাকা ও কাজ করা ব্যক্তিদেরও নিশানা করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত কয়েক মাস ধরে সৌরভকে (Sourav Ganguly) উদ্দেশ্য করে একাধিক চিঠি আসছিল। সেই চিঠিগুলিতে আপত্তিকর এবং ঘৃণাত্মক মন্তব্য করা হয়েছিল। কিন্তু প্রথম দিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়নি পরিবার।
তাঁর আপ্ত সহায়কের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ‘প্রথমে আমরা এই চিঠিগুলিতে বিশেষ গুরুত্ব দিইনি। ভেবেছিলাম, এমন কোনও ব্যক্তি এগুলি পাঠাচ্ছেন, যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পছন্দ করেন না এবং ব্যক্তিগত ক্ষোভ থেকেই চিঠি লিখছেন’। কিন্তু সোমবার পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। সৌরভ (Sourav Ganguly) এবং ডোনা (Dona Ganguly) —দু’জনের নামেই দু’টি চিঠি পৌঁছয়।
সৌরভ-ডোনাকে নিশানা করে কী লেখা ছিল চিঠিতে?
অভিযোগে দাবি করা হয়েছে, নতুন চিঠিগুলিতে শুধু সৌরভের (Sourav Ganguly) বিরুদ্ধে ঘৃণাত্মক মন্তব্যই করা হয়নি, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘আজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে দু’টি চিঠি পেয়েছি। সেখানে শুধু সৌরভের বিরুদ্ধে ঘৃণাত্মক মন্তব্যই করা হয়নি, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিদের জীবন ও নিরাপত্তার উপর গুরুতর হুমকিও দেওয়া হয়েছে।’
এই হুমকির পরেই আর ঝুঁকি না নিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার
ঠাকুরপুকুর থানায় অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘চিঠিগুলিতে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। ঘৃণা বা অবমাননাকর মন্তব্য থেকে বিষয়টি এখন সরাসরি প্রাণনাশ এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকিতে পৌঁছেছে। তাই আমরা মনে করি, অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ এবং তদন্ত প্রয়োজন’।
পাশাপাশি চিঠির প্রেরককে দ্রুত চিহ্নিত করার আবেদনও জানানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অনুরোধ করছি, প্রয়োজনীয় পদক্ষেপ করুন, অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করুন, এই হুমকির চিঠি কে পাঠিয়েছে তা চিহ্নিত করুন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁদের সঙ্গে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন।’
পুলিশ সূত্রে খবর, চিঠিগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছিল। খামে প্রেরকের নাম হিসেবে ‘অরুণ কুমার’ লেখা ছিল বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার এক বাসিন্দার নামের সঙ্গে সেই পরিচয়ের মিলও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।
চিঠিতে থাকা একটি মোবাইল নম্বরেরও খোঁজ শুরু হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সত্যিই ওই ব্যক্তি চিঠি পাঠিয়েছেন, নাকি তাঁর পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই কাণ্ড ঘটিয়েছে।
তদন্তের অংশ হিসাবে কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। চিঠিগুলির উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে। একটি মোবাইল নম্বরের অবস্থান ও গতিবিধিও পরীক্ষা করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আমরা অভিযোগটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং তদন্ত শুরু করেছি। চিঠিগুলি, সেগুলির উৎস এবং কুরিয়ারের গতিপথ পরীক্ষা করা হচ্ছে, যাতে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা যায়।’
আরও জানানো হয়েছে, ‘কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং একটি মোবাইল নম্বরের সন্ধান পেয়েছি। সেটির অবস্থান ও গতিবিধি খুঁজে বার করার চেষ্টা চলছে।’
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/GmN8v_OXLOE?si=eAl0fb5y3qUatAa3″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>
তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। গত কয়েক মাসে সৌরভকে (Sourav Ganguly) উদ্দেশ করে যে চিঠিগুলি এসেছে, সেগুলির সঙ্গে নতুন হুমকির চিঠির কোনও যোগ রয়েছে কি না, সেটিই খতিয়ে দেখা হচ্ছে। একই ব্যক্তিই সব চিঠি পাঠিয়েছেন কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তাও তদন্ত করে দেখছে পুলিশ।
সৌরভ (Sourav Ganguly) বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি। তাঁর মতো হাই প্রোফাইল ব্যক্তিকে সরাসরি প্রাণনাশের হুমকির ঘটনায় স্বাভাবিক ভাবেই নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। তদন্তের পাশাপাশি সৌরভ (Sourav Ganguly) , ডোনা এবং তাঁদের সঙ্গে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও নজর রাখা হচ্ছে।