বিশ্বকাপে জার্মান শিবিরে সাপের আতঙ্ক, সতর্ক ফুটবলাররা

জার্মানি শিবিরে আচমকাই সাপের আতঙ্ক। বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে তারা। তার পরের দিন এই ঘটনাটি ঘটে। সমস্ত নিরাপত্তার ব্যবস্থা ভেদ করে চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলন শিবিরে ঢুকে পড়েছিল একটি বিষাক্ত সাপ।

অনুশীলনের সময় হঠাৎই সাপটি দেখতে পান ফুটবলাররা। অধিনায়ক জোসুয়া কিমিচ জানান, দলের সদস্যদের সতর্ক করে বলা হয়েছিল সাপটি বিষাক্ত এবং কাউকে ছোবল মারলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলেও ঘটনাটি জার্মান খেলোয়াড়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

তবে শুধু জার্মানিই একা নয়, চলতি বিশ্বকাপে সাপের উপদ্রবের মুখে পড়েছে বেশ কয়েকটি দল। সুইৎজারল্যান্ড এবং নরওয়ের শিবিরেও সাপ দেখা যাওয়ার খবর জানা গিয়েছে। আমেরিকার যে অঞ্চলে জার্মানি, নরওয়ে এবং সুইৎজারল্যান্ড দল রয়েছে, সেখানে একাধিক প্রজাতির সাপ রয়েছে। যারমধ্যে বেশকিছু বিষধর সাপও রয়েছে।


বিশেষ করে উত্তর ক্যারোলিনার গ্রিনসবরো এলাকায় সাপের দেখা প্রায়ই মেলে। স্থানীয় প্রশাসন বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোকে আগেই সতর্ক করে দিয়েছে। তাদের পক্ষ থেকে কোনও সাপ দেখলে তাকে বিরক্ত না করে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।