ইতিহাস গড়লেন ইতালির তারকা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠে একই সঙ্গে নোভাক জোকোভিচ, রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের রেকর্ড স্পর্শ করলেন তিনি। এদিন মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২, ৬-৪ ব্যবধানে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করেন বিশ্বের এক নম্বর তারকা সিনার। ম্যাচের শুরু থেকেই নিজের দাপট বজায় রেখে সহজ জয় তুলে নেন তিনি। এই জয়ের সঙ্গে সঙ্গেই দুরন্ত এক নজির স্পর্শ করলেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা। বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে নয়টি এটিপি মাস্টার্স প্রতিযোগিতার ফাইনালে ওঠার নজির গড়লেন সিনার। তার আগে এই কৃতিত্ব অর্জন ছিল জোকোভিচ, ফেডেরার এবং নাদালের।
তবে এখানেই থেমে থাকেননি সিনার। ২৫ বছর পূর্ণ হওয়ার আগেই প্রতিটি মাস্টার্স প্রতিযোগিতার ফাইনালে উঠে নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন জোকোভিচের পুরনো রেকর্ডও। ২০১৩ সালে ২৫ বছর ১৩৯ দিন বয়সে সাংহাই ওপেনের ফাইনালে উঠে নজির গড়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়, যা এতদিন পর্যন্ত সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড ছিল। বর্তমানে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নাদাল। ২০১৩ সালে ২৭ বছর ৬৯ দিন বয়সে সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। ওই একই বছরে ৩০ বছর ৯১ দিন বয়সে প্যারিস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন ফেডেরার। এই প্রসঙ্গে বলা যায়, জোকোভিচ, নাদাল এবং ফেডেরার একই বছরে নয়টি এটিপি মাস্টার্স ফাইনালে ওঠার নজির গড়েছিলেন। দীর্ঘ ১৩ বছর পর বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসাবে সেই তালিকায় নাম লেখালেন সিনার। যদিও, মাত্র ৪১ মাস্টার্স প্রতিযোগিতা খেলেই এই কীর্তি গড়েছেন সিনার।