আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ও একদিনের ক্রিকেট ম্যাচেও নেতৃত্ব দেবেন শুভমন গিল। আইপিএল ক্রিকেট শেষ হওয়ার পরেই আফগানিস্তানের সঙ্গে ভারতের মাটিতে শুভমন গিলরা একটি টেস্ট ম্যাচ খেলবেন। ইতিমধ্যেই প্রধান নির্বাচক অজিত আগরকর ও অন্যান্য সদস্যরা ভারতীয় দলের ১৫ জনের নাম ঘোষণা করেছেন। তবে, সহ অধিনায়ক হিসেবে ভারতীয় দলে জায়গা করে নিলেন লোকেশ রাহুল।
মহম্মদ শামিকে নিয়ে কোনও ভাবনা চিন্তাই করলেন না নির্বাচকরা। একদিনের ক্রিকেটে এবং টেস্ট ম্যাচে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারেরও কোনও জায়গা হল না টেস্ট দলে। তবে একদিনের ক্রিকেটে শ্রেয়সকে সহ অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাবে।
ধারাবাহিকভাবে তাঁর ব্যাট থেকে যেভাবে রান এসেছিল, তাতে আশা করা গিয়েছিল হয়তো দলে নেতৃত্ব না দিলেও ভারতীয় টেস্ট দলে জায়গা থাকবে তাঁর। এমনকি লখনউ সুপার জায়ান্টসের বোলার মহম্মদ শামি এবারের আইপিএল ক্রিকেটে সেইভাবে নজরই কাড়তে পারেননি। আগামী ৬ জুন থেকে মুল্লানপুরে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত।
এখানে উল্লেখ করা যেতে পারে, বিশ্ব ক্রিকেট টেস্ট সিরিজের জন্য এই টেস্ট ম্যাচটির কোনও অংশ নেই। হয়তো সেই কারণেই বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রেখে দিয়ে দল গঠন করার চিন্তাভাবনা করেছেন ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা। এরপরই রয়েছে একদিনের ক্রিকেট। আসলে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আগেই তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দেখে নেওয়ার জন্য এই টেস্ট ম্যাচ গুরুত্ব পাবে।
এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা ভারতীয় দলে নেই। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু সেই তরুণ খেলোয়াড়দের মধ্যে কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে নির্বাচকদের ভাবার অবকাশ হয়নি। যাঁরা নতুন জায়গা পেলেন, তাঁদের মধ্যে রয়েছেন হর্ষ দুবে, মানব সুতার ও গুরনুর ব্রার। ২৩ বছর বয়সী অল রাউন্ডার মানব সুতার আইপিএল ক্রিকেটে নজর কেড়েছেন। তাঁর বোলিং এবং ব্যাটে দাপট দেখতে পাওয়া গিয়েছে।
একদিনের ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে দলে রাখা হয়েছে অভিজ্ঞ এবং তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দলে রাখা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকেও। তিন বছর বাদে আবার একদিনের ক্রিকেটে ফিরলেন ঈশান কিশান। সঞ্জু স্যামসন আইপিএল ক্রিকেটে ভালো খেললেও তাঁর জায়গা হল না একদিনের ক্রিকেটে ভারতীয় দলে। অন্যদিকে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদব, হর্ষ দুবের মতো তরুণ মুখ। ১৪, ১৭ ও ২০ জুন, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে অভিযানে নামবে গম্ভীর বাহিনী।
২৫ বছর বয়সী গুরনুর বেশ জোরে বোলার। তাঁর ব্যাটও অনেক সময় ঝলসে ওঠে। ২৩ বছরের হর্ষ দুবে অলরাউন্ডার। তিনি বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটসম্যান। তাহলে দেখা যাচ্ছে, যে তিনজন ক্রিকেটার ভারতীয় দলে জায়গা করে নিলেন, তাঁরা প্রত্যেকেই অল রাউন্ডার।
গম্ভীর, আগরকরেরা ভবিষ্যতের দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন। শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে তরুণদের দেখে নিতে চাইছেন। আফগানিস্তানের বিরুদ্ধে মানব, গুরনুর বা হর্ষ প্রথম একাদশে সুযোগ না পেলেও শুভমনদের সাজঘরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। তিন তরুণ বোলারকে সুযোগ দেওয়া থেকে আরও একটা বিষয় মোটামুটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। শামির কথা আর তাঁরা ভাবতে চাইছেন না। অন্তত লাল বলের ক্রিকেটের জন্য তো নয়ই। সে তিনি যতই আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করুন।
ঋষভ পন্থকেও আর ভারতীয় দলের ‘ডিলারশিপ গ্রুপ’-এ ভাবা হয়নি। তাঁর পারফরম্যান্স এবং মানসিকতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। নির্বাচকরাও সম্ভবত পন্থকে নিয়ে আশাহত। জল্পনা মতোই তাঁকে সরিয়ে দেওয়া হল সহ-অধিনায়কের পদ থেকে। অভিজ্ঞ ক্রিকেটার রাহুলকে দেওয়া হয়েছে দায়িত্ব। মনে করা হচ্ছে, শুভমনকে অধিনায়ক হিসাবে আরও পরিণত হতে সাহায্য করবে রাহুলের অভিজ্ঞতা ও সাহচর্য।
ভারতীয় টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক, উইকেট কিপার), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), গুরনুর ব্রার ও মানব সুতার।
একদিনের ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার ও হর্ষ দুবে।