নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং অর্ডার কী হবে? আগাম ইঙ্গিত দিলেন অধিনায়ক শুভমান গিল

Photo: X

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক শুভমান গিল। তবে প্রথম একাদশের ব্যাটিং ক্রম একেবারে নির্দিষ্ট করে দিতে নারাজ তিনি। পরিস্থিতি এবং দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে সামান্য রদবদল হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।

গিলের বক্তব্য অনুযায়ী, প্রথম চারটি জায়গা কার্যত নিশ্চিত। শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার থাকছেন প্রথম চারে। চার জনই ডানহাতি ব্যাটার। তবে পাঁচ ও ছয় নম্বর জায়গা নিয়ে পরীক্ষার রাস্তা খোলা রাখছে ভারতীয় দল।

গিল বলেন, ‘পাঁচ ও ছয় নম্বরে যে কেউ আসতে পারে। প্রথম চার জন নিশ্চিত। তাঁরা সকলেই ডানহাতি। তাই বাঁহাতি ব্যাটারের প্রয়োজন হলে অক্ষর ভাইকে পাঠানো হবে। আবার ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কেএল ভাইকেও উপরে পাঠানো হতে পারে। আমরা এই জায়গাগুলি নমনীয় রাখতে চাই।’


অর্থাৎ প্রতিপক্ষের বোলিং আক্রমণ এবং ম্যাচের পরিস্থিতি বুঝে কেএল রাহুল ও অক্ষর পটেলের ব্যাটিংয়ের জায়গা ঠিক করতে চাইছেন গিল।

দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর ক্ষেত্রে হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক। চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে রয়েছেন হার্দিক। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন গিল।

তিনি বলেন, ‘হার্দিক পাণ্ডিয়া অসাধারণ অলরাউন্ডার। বিশ্বের খুব বেশি ক্রিকেটারের ওর মতো দক্ষতা নেই। বল হাতে নতুন ও পুরনো, দু’ধরনের বলেই ওকে ব্যবহার করা যায়। ওর সঙ্গে আমাদের একাধিক বার কথা হয়েছে। চোটের কারণে ও দুর্ভাগ্যজনক ভাবে বেশ কিছু দিন খেলতে পারেনি। আশা করছি, দ্রুত ফিরবে। ভারতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলবে ও। হার্দিক ফিরলে সাত ও আট নম্বর জায়গা নিয়েও আমাদের চিন্তা অনেকটা কমে যাবে।’ ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলের ব্যাটিং বিভাগ নিয়ে আশাবাদী গিল।

অতীতে ঘাড়ের চোট ভুগিয়েছে ভারতীয় অধিনায়ককে। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে নিজের ফিটনেস নিয়ে যাবতীয় উদ্বেগ উড়িয়ে দিয়েছেন তিনি।

গিল বলেন, ‘কোনও সমস্যা নেই। প্রায় দেড় ঘণ্টা ব্যাটিং করেছি। ফিল্ডিং করতেও কোনও অসুবিধা হয়নি। একেবারেই কোনও সমস্যা নেই।’

বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ। প্রথম তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। তার পর দুই টেস্টের সিরিজের প্রস্তুতির জন্য দল ছাড়বেন তিনি। শেষ দু’টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার।

টি-টোয়েন্টি সিরিজে ৩-২ জিতেছে ভারত। এ বার এক দিনের ক্রিকেটেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে তারা। অন্য দিকে, ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসাবেও এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।