ট্র্যাফিক জ্যামে আটকে গেল ভারতীয় ক্রিকেট দল। ফলে সাউদাম্পটনের ইউটিলিটা বোল-এ চলতি টি-২০ সিরিজের শেষ ম্যাচের জন্য পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গেল ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের শুরুর সময় ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় ঠিকই। কিন্তু ম্যাচে নামার আগে যথেষ্ট অনুশীলন করার সুযোগ পেল না ভারতীয় দল।
ইউটিলিটা বোল মাঠটি হ্যাম্পশায়ারের অদূরে ছোট শহর ওয়েস্ট এন্ডে অবস্থিত, যা সাউদাম্পটন শহরের কেন্দ্র থেকে প্রায় পাঁচ মাইল দূরে। ইংল্যান্ড দল মাঠের পাশেই এক হোটেলে থাকলেও ভারতীয় দল ছিল ওশান ভিলেজ এলাকায়।
সেখান থেকে এই মাঠে যাওয়ার জন্য মাত্র একটিই রাস্তা রয়েছে এবং ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলির মধ্যে যে মাঠগুলিতে গণ পরিবহনে পৌঁছানো সবচেয়ে কঠিন এটি তার মধ্যে অন্যতম। এ দিন দুপুর দুটোর সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দল প্রায় দুপুর ২টা ৫ মিনিটে মাঠে পৌঁছায়। শেষ পর্যন্ত জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২.৪৫-এ টস হবে। অর্থাৎ, নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পরে টস হয় ও খেলা শুরু হয় তার ৪৫ মিনিট পরে। গত বছরও ওভালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ান ডে ম্যাচে একই কারণে ম্যাচ শুরু হয়েছিল আধ ঘণ্টা দেরিতে।
দেরি করে মাঠে পৌঁছলেও ভারত অবশ্য টসে জেতে এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে ভারতের প্রথম এগারোয় ফিরে আসেন ওপেনার সঞ্জু স্যামসন। চলতি টি-২০ সিরিজে ইংল্যান্ড চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে ইতিমধ্যেই সিরিজ জয় করে ফেলেছে। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। শনিবার সিরিজের শেষ ম্যাচেও হারলে তিন মাস আগে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জেতা ভারতকে আইসিসি-র বিশ্ব ক্রমতালিকায় টি-২০-র এক নম্বর দলের জায়গাটি হারাতে হবে এবং তাদের সরিয়ে সেই জায়গা নেবে ইংল্যান্ড।
এ দিন প্রথম দলে দুটি পরিবর্তন করে মাঠে নামে ভারত। বৈভব সূর্যবংশীর জায়গায় সঞ্জু স্যামসন এবং ওয়াশিংটন সুন্দরের জায়গায় সূর্যাংশ শেডগে খেলছেন এই ম্যাচে। ভারত এ দিন টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়।
মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় দলের উপর কোনও প্রভাব পড়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না, সত্যিই তেমন কিছু নয়। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আমরা এই সিরিজে এবং এর আগের সিরিজেও প্রায় সব ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাই এটাও আরেকটা নতুন চ্যালেঞ্জ, আরেকটা নতুন দিন। আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত এবং সামগ্রিকভাবে এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ।”
টস জেতার পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “আমরা প্রথমে বোলিং করব। গত কয়েকটি ম্যাচে আমাদের বোলিং পারফরম্যান্স বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া ও কন্ডিশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওয়া বেশ জোরে বইছে, আর আবহাওয়ার পরিস্থিতিও এমনই। টসের আগে আমরা আলোচনা করেছিলাম এবং জানানো হয়েছিল যে উইকেট খুব বেশি বদলাবে না। সেই কারণেই আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি।”
দলের কাছে তাঁর প্রত্যাশা প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক বলেন, “আমি শুধু চাই, ফলাফল যাই হোক না কেন, ছেলেরা যেন একশোভাগ দেয়। আমি চাই তাদের মানসিকতা দৃঢ় হোক, যাতে তারা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। হতাশ হয়ে পড়া বা তাড়াহুড়ো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা না করে নিজেদের কিছুটা সময় দিক, শান্ত থাকুক এবং স্বাভাবিক ক্রিকেট খেলুক। ভবিষ্যতে কী হতে পারে, তা না ভেবে শুধুমাত্র বর্তমানের দিকে মনোযোগ দেওয়াই জরুরি।”
বিলেতে ট্রাফিক জ্যামে আটকে মাঠে পৌঁছতে দেরি শ্রেয়স আইয়ারদের, শেষ টি-২০-তে দলে ফিরলেন সঞ্জু স্যামসন
Pic-X