এবারের আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস শুরুটা যেভাবে করেছিল, তখন স্পষ্ট হয়ে উঠেছিল, হয়তো এবারেও ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবে তারা। কিন্তু সাত ম্যাচ অপরাজিত থাকার পরে টানা পাঁচটা ম্যাচ হেরে যাওয়াতে এখন সংশয় তৈরি হয়েছে শেষ চারে তারা খেলতে পারবে কিনা। পাঞ্জাব কিংস গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়ায় আরও সমস্যা ঘনীভূত হয়েছে। আর এই সমস্যা হওয়ার পরেই পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার স্বীকার করেছেন, এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন।
২০০ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে পঞ্জাবকে। টানা পাঁচ হারের পর পাঞ্জাবের পয়েন্ট ১৩তেই আটকে রয়েছে। স্বাভাবিক ভাবেই হতাশ শ্রেয়স। তারপরেও শ্রেয়স বলেছেন, ‘সত্যি বলতে, এই পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। তবে আমি নির্দিষ্ট কোনও কিছুকে এর জন্য দায়ী করতে চাই না। ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা। তবে আমরা প্রতিটি ম্যাচেই ভাল লড়াই করেছি।’
প্লেঅফে জায়গা নিশ্চিত করতে হলে লিগ পর্বের বাকি দু’টি ম্যাচ জিততেই হবে পঞ্জাবকে। এ নিয়ে শ্রেয়স বলেছেন, ‘আমরা উত্তেজিত। পরের ম্যাচটা আমাদের দুপুরে খেলতে হবে। আমাদের বাকি দু’টি ম্যাচই জিততে হবে। আমরা ভাল কিছু আশা করছি।’ পঞ্জাবের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৭ মে ধর্মশালায়। তারপর ২৩ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। শ্রেয়সদের শেষ ম্যাচটি খেলতে হবে লখনউ গিয়ে। তিলক বর্মাকে কৃতিত্ব দিয়েছেন শ্রেয়স। প্রতিপক্ষ দলে থাকা জাতীয় দলের সতীর্থের ইনিংস নিয়ে পাঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘তিলক দুর্দান্ত ইনিংস খেলল। খুব ভাল শট নির্বাচন করেছে। মাঠের আয়তন এবং ফিল্ডিংয়ের ফাঁকগুলো দারুণ ব্যবহার করেছে। ওকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’ উল্লেখ্য, বৃহস্পতিবারের ম্যাচে ৩৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিলক। ৬টি চার এবং ৬টি ছক্কা মারেন।