বৃষ্টিতে অনুশীলন বাতিল শ্রেয়সদের, পিচ, পরিবেশ নিয়ে কোনো খবরই নেই ভারতীয় শিবিরে, আসতে পারে টাইফুন

Shreyas Aiyar Photo-SNS

ক্রিকেটের মানচিত্র আরও বড় হচ্ছে। আর সেই বিস্তারের পথে ভারতের হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে জাপানে। মঙ্গলবার সানোয় জাপানের বিরুদ্ধে প্রথম বার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি খেলবে ভারত। ঐতিহাসিক সেই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়ে দিলেন, জাপানের মাটিতে ক্রিকেট নিয়ে আসাটাই বড় পদক্ষেপ।

ভারতীয় ক্রিকেট দল রবিবার জাপানে পৌঁছেছে। মঙ্গলবারের ম্যাচটি শুধু দু’দেশের ক্রিকেটীয় লড়াই নয়, ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির উদ্‌যাপনেরও অংশ। এশিয়ান গেমসে নামার আগে প্রস্তুতির মঞ্চ হিসাবেও এই ম্যাচকে দেখা হচ্ছে। সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি হওয়ার কথা। টোকিও থেকে মাঠের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।

জাপানে ভারতের প্রথম ম্যাচ নিয়ে শ্রেয়সের উচ্ছ্বাস স্পষ্ট। তিনি বলেন, ‘ক্রিকেট এখন প্রতিটি দেশেই জনপ্রিয় হচ্ছে। সব দলই নিজেদের মতো করে শক্তিশালী হয়ে উঠছে। তাই আগামীকালের ম্যাচটিও খুব উত্তেজনাপূর্ণ হবে বলেই মনে করছি’।


তবে জাপানে গিয়ে প্রথম অভিজ্ঞতাটাও বেশ অন্য রকম শ্রেয়সের কাছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে নিয়মিত ক্রিকেট খেললেও জাপানে ভারতের সফর একেবারেই নতুন অভিজ্ঞতা। জাপানের মানুষের আতিথেয়তায় মুগ্ধ ভারতীয় অধিনায়ক।

শ্রেয়স বলেন, ‘এখানে এসে খুব ভাল লাগছে। আমরা নামার সময়ই দেখেছি, এখানকার মানুষ খুবই সৌজন্যপূর্ণ, উদার এবং সাহায্য করতে প্রস্তুত। নিজেদের দেশেও আমরা এমনটাই দেখি। এখানকার আতিথেয়তা অসাধারণ’।

জাপান সম্পর্কে আরও ঘোরাঘুরি করে জানার ইচ্ছাও রয়েছে তাঁর। ‘এখনই খুব বেশি কিছু বলা কঠিন, কারণ আমরা মাত্র এক দিন হল এসেছি। তবে জাপান এবং টোকিও সম্পর্কে অনেক ভাল কথা শুনেছি। আরও ঘুরে দেখার অপেক্ষায় আছি,’ বলেন শ্রেয়স।

জাপানের বিরুদ্ধে প্রথম বার পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। এশিয়ান গেমসের আগে এই ম্যাচকে প্রস্তুতির মঞ্চ হিসাবেও ব্যবহার করতে চাইছে শ্রেয়স আইয়ারের ভারত।

ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। জাপানের স্থানীয় সময় তখন দুপুর ১টা। টোকিও থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সানো শহরে হবে এই ঐতিহাসিক ম্যাচ। ভারত-জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজিত ‘Sport 75’ কর্মসূচিরও অংশ এই ম্যাচ।

মঙ্গলবারের ম্যাচের আবহাওয়া নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তা রয়েছে। টানা বৃষ্টির কারণে ভারতের সোমবার অনুশীলন বাতিল করতে হয়েছে। তাই আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে ভারতীয় শিবিরে। ম্যাচের দিন সানোয় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার সকালে পরিস্থিতি তুলনামূলক শুকনো থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগের দিনের বৃষ্টিতে আউটফিল্ড নরম ও ধীর হয়ে যেতে পারে।

এর মধ্যেই জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে ভারতীয় দল। শ্রেয়স বলেন, ‘এটা আমাদের কাছে একটা রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। এই প্রথম জাপানের বিরুদ্ধে খেলব। এখানকার পরিবেশ, পিচ—কিছুই খুব ভাল ভাবে জানি না। তবে ভাল একটা ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি’।

জাপানের ক্রিকেটারদের নিয়েও প্রস্তুতি নিচ্ছে ভারত। শ্রেয়স জানান, ‘কিছু ভিডিও এবং রিল দেখেছি। তবে আমরা আরও ভাল ভাবে পড়াশোনা করব, ওদের ক্রিকেটারদের সম্পর্কে জানব। ম্যাচের জন্য আমরা খুবই উত্তেজিত। আশা করছি বৃষ্টি হবে না এবং মাঠে আসা দর্শকেরা একটি ভাল ম্যাচ দেখতে পাবেন’।

ভারতীয় দলে রয়েছেন শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অভিষেক শর্মা, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, বিপ্রজ নিগম এবং বৈভব সূর্যবংশী। ফলে বৈভবকে একাদশে সুযোগ দেওয়া হয় কি না, সে দিকেও নজর থাকবে।

জাপানের অধিনায়ক কেন্ডেল কাডওয়াকি-ফ্লেমিং। নিজেদের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভারতকে শুধু আতিথেয়তা দেওয়াই নয়, মাঠেও নিজেদের সামর্থ্য দেখাতে চাইছে জাপান। দুই দলের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই প্রথম সাক্ষাৎ।

জাপান বনাম ভারতের এই ঐতিহাসিক টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায়। সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ও ফ্যানকোড অ্যাপে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।