পাক ক্রিকেটারদের দলে শিখর ধাওয়ান! নিজের নাম দেখেই খেপে আগুন ‘গব্বর’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Shikhar Dhawan Photo-SNS

হংকংয়ে হতে চলেছে যে ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপ’, সেই প্রতিযোগিতার ‘এশিয়া ওয়ারিয়র্স’ দলের সদস্য হিসাবে ঘোষণা করা হয়েছিল শিখর ধাওয়ানের নাম। ওই দলে পাকিস্তানের একাধিক ক্রিকেটারের নামও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় আলোচনা।

কিন্তু প্রতিযোগিতায় খেলার কথা অস্বীকার করে সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ধাওয়ান। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসাবে আমার নাম দেখতে পেলাম। আমার অজান্তে এবং অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন। এই বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ করবে আমার দল’।

এখানেই থামেননি ভারতের প্রাক্তন ওপেনার। সংবাদমাধ্যম ও অনুরাগীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমি সংবাদমাধ্যম এবং আমার অনুরাগীদের অনুরোধ করছি, কোনও অননুমোদিত ঘোষণার ভিত্তিতে খবর প্রকাশ করবেন না বা সেই খবরের উপর নির্ভর করবেন না। আপনাদের নিরন্তর ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’


এশিয়া ওয়ারিয়র্সে কারা রয়েছেন?

প্রতিযোগিতার ঘোষিত দল অনুযায়ী, এশিয়া ওয়ারিয়র্সে ধাওয়ানের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরত সিং মান এবং অভিমন্যু মিঠুনের নামও ছিল। সেই দলের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সোহেল তনবীর এবং ইফতিকার আহমেদের মতো ক্রিকেটারেরাও।

এ ছাড়াও শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে দলটি। প্রতিযোগিতায় এশিয়া ওয়ারিয়র্স ছাড়াও খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন্স, আফ্রিকা লায়ন্স এবং নর্থ আমেরিকা ঈগলস। অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম সংস্করণ হংকংয়ে হওয়ার কথা, সম্ভাব্য সময় ডিসেম্বর।

তবে ধাওয়ানের আপত্তির পর আয়োজকেরা জানিয়ে দিয়েছেন, আসন্ন প্রতিযোগিতায় এশিয়া ওয়ারিয়র্সের হয়ে খেলবেন না ভারতের প্রাক্তন ওপেনার। তাঁর নাম প্রথমে কী ভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা অবশ্য সামনে আসেনি।

ভারত-পাকিস্তান প্রসঙ্গেই বাড়তি চর্চা

পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ানের নাম থাকায় বিষয়টি নিয়ে বাড়তি আলোচনা শুরু হয়। অতীতে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের সময় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি। তাই এ বার তাঁর নাম এশিয়া ওয়ারিয়র্সের তালিকায় দেখে অনেকেই বিস্মিত হন।

তবে ধাওয়ানের বক্তব্যে স্পষ্ট, এই বিতর্কের মূল বিষয় তাঁর ব্যক্তিগত সম্মতি ছাড়া নাম ব্যবহার করা। প্রতিযোগিতায় অংশগ্রহণের কোনও অনুমতি তিনি দেননি বলেই দাবি করেছেন ভারতের প্রাক্তন ওপেনার।

এখন দেখার, ধাওয়ানের হুঁশিয়ারির পর আয়োজকদের বিরুদ্ধে তাঁর আইনি দল কী পদক্ষেপ করে। আপাতত নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি।