চলতি বিশ্বকাপে ভারতের অন্যতম মাথাব্যথার কারণ অবশ্যই ওপেনার অভিষেক শর্মা। তরুণ এই ব্যাটসম্যান বিশ্বকাপের শুরু থেকে একেবারেই নিজের চেনা ফর্মে নেই। ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন। এমনকি, সেমিফাইনালেও ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানে আউট হয়েছেন তিনি। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ফাইনালেও কি ভারতের হয়ে ফের একবার ওপেন করতে দেখা যাবে অভিষেককে? যদিও প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা কিন্তু ফাইনালে পাঞ্জাবের এই তরুণ ব্যাটসম্যানের ওপর ভরসা রাখার কথাই বলছেন।
রবিবার হাইভোল্টেজ ফাইনালের আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, ম্যানেজমেন্টের উচিত একজন খেলোয়াড়ের উপর শেষপর্যন্ত ভরসা রাখা। পাশাপাশি, তরুণ ওপেনারের উদ্দেশ্য তাঁর বার্তা, নিজের উপর সবসময় ভরসা রাখতে হবে। কপিলের স্পষ্ট বক্তব্য, এখনও একটা ম্যাচ বাকি আছে। সেটা ফাইনাল। অভিষেকের আপাতত সেই ম্যাচটার উপর পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত।
প্রায় একই কথা শোনা গেছে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মুখেও। তাঁর মতে, ফাইনালে দলে বিশেষ কোনও পরিবর্তন দরকার নেই। সেমিফাইনালের একাদশ নিয়েই ভারতের মাঠে নামা উচিত। একইসঙ্গে, অভিষেকের উদ্দেশ্যে তাঁর বিশেষ পরামর্শ নিজের প্রতিভার উপর ভরসা রাখো। এজন্য, তাঁকে নিজের শক্তির উপর আস্থা রাখতে বলেছেন তিনি। ম্যানেজমেন্টের উদ্দেশ্যেও আলাদাভাবে বার্তা দিয়েছেন শাস্ত্রী। জানিয়েছেন, ম্যানেজমেন্টের উচিত ফাইনালের আগে তরুণ ওপেনারকে প্রয়োজনীয় ভরসা জোগানো। যাতে ফাইনালে চাপমুক্ত হয়ে অভিষেক মাঠে নামতে পারেন।
এই প্রসঙ্গে বলা যায়, জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি অর্ধশতরানের ইনিংস খেললেও এখনও ব্যাট হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। তা স্বত্বেও তাঁর উপর এখনও ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এমনকি, সেমিফাইনাল শেষে সঞ্জু স্যামসনের মুখেও সেই কথা শোনা গিয়েছে। ফাইনালে কি এই দলের এই ভরসার দাম দিতে পারবেন অভিষেক? উত্তর হয়তো সময়ই দেবে। তবে, ফাইনালে তাঁর ব্যাট থেকে একটা ম্যাচ জেতানো ইনিংস কিন্তু অনেক সমালোচনা বন্ধ করে দিতে পারে, সেটা বলাই বাহুল্য।