অলিম্পিকের মঞ্চে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে বড় স্বপ্ন কি এ বার সত্যি হতে চলেছে? ২০৩৬-এর গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত-সহ সাতটি দেশের নাম নিশ্চিত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। আপাতত আইওসির সঙ্গে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এই দেশগুলি।
ভারতের প্রস্তাবের কেন্দ্রবিন্দু আহমেদাবাদ। ইতিমধ্যেই ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে শহরটি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামও রয়েছে সেখানে। ভারত এখনও পর্যন্ত কখনও অলিম্পিক আয়োজন করেনি। ফলে ২০৩৬-এর সুযোগ পেলে তা হবে দেশের ক্রীড়া ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।
তবে পথটা একেবারে সহজ নয়। আগামী বছরের মার্চে প্রাথমিক তালিকা থেকে কয়েকটি দেশকে বেছে নেওয়া হবে। তার পরে শুরু হবে ‘স্ট্র্যাটেজিক ডায়লগ’ পর্ব। ২০২৮ সালে সম্ভাব্য আয়োজকদের পছন্দের তালিকা তৈরি হওয়ার কথা। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৯ সালের মাঝামাঝি সময়ে আইওসির অধিবেশনে। নতুন কোনও দেশ চাইলে ৩১ অক্টোবর পর্যন্ত নিজেদের আগ্রহের কথা জানাতে পারবে।
আইওসির নতুন প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির আমলে বদলেছে আয়োজক বাছাইয়ের প্রক্রিয়াও। এ বার শুধু পরিকাঠামো বা অর্থের হিসাব নয়, ক্রীড়াবিদদের অভিজ্ঞতাকেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। কভেন্ট্রির কথায়, ‘যেখানেই অলিম্পিক হোক না কেন, একটি বিষয় কখনও বদলানো উচিত নয়—ক্রীড়াবিদদের সব কিছুর কেন্দ্রে রাখতে হবে। ভবিষ্যৎ আয়োজকদের ক্ষেত্রে ক্রীড়াবিদদের জন্য সবচেয়ে ভাল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত’।
ভারতের কাছে অবশ্য এই লড়াইয়ের গুরুত্ব আলাদা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখনও পর্যন্ত অলিম্পিক আয়োজনের সুযোগ পায়নি। ভারতীয় অলিম্পিক সংস্থা ইতিমধ্যেই আইওসির কাছে আগ্রহপত্র জমা দিয়েছে এবং ‘কনটিনিউয়াস ডায়লগ’ পর্যায়ে রয়েছে। আইওসির আলোচনায় ভারতের ক্রীড়া প্রশাসন, ডোপিং-বিরোধী ব্যবস্থা এবং অতীত অলিম্পিক পারফরম্যান্সের মতো বিষয়ও উঠে এসেছে।
অন্য দিকে কাতারও অন্যতম জোরালো দাবিদার। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। কাতার চাইছে, আরব বিশ্বে প্রথম বার অলিম্পিক নিয়ে যেতে। জার্মানির প্রার্থী মিউনিখ—১৯৭২ সালের অলিম্পিকের আয়োজক শহর। দক্ষিণ আফ্রিকা চাইছে আফ্রিকা মহাদেশে প্রথম অলিম্পিক নিয়ে যেতে। তুরস্কের ইস্তানবুল ইতিমধ্যেই পাঁচ বার ব্যর্থ ভাবে অলিম্পিক আয়োজনের চেষ্টা করেছে। দক্ষিণ কোরিয়া অবশ্য ১৯৮৮ সালে সিওল গ্রীষ্মকালীন এবং ২০১৮ সালে পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিক আয়োজন করেছে।
এখনও অবশ্য অনেকটা পথ বাকি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক এবং ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকের পর ২০৩৬-এর আসর কোথায় বসবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন দৌড়। সেই দৌড়ে ভারত যে প্রথম সারিতেই রয়েছে, আইওসির মঙ্গলবারের ঘোষণায় তা স্পষ্ট।