রবিবার রাতে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। টানটান উত্তেজনা শেষে আয়োজক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের জন্য ট্রফি জিতল সেনেগাল।ঘরের মাঠে গত ১৭ বছর ধরে অপরাজিত আশরাফ হাকিমি, ব্রাহমিন দিয়াজরা। তবে, পুরো ম্যাচ জুড়ে প্রাপ্ত একাধিক সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ হারতে হল মরক্কোকে। পাশাপাশি বিশেষ প্রশংসা প্রাপ্য সেনেগাল গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির। পুরো ম্যাচ জুড়ে দলের হয়ে একাধিক নিশ্চিন্ত পতন রোধ করেন তিনি।
নির্ধারিত সময়ে দুই দল একাধিক সুযোগ পেলেও তা থেকে কোনও গোল আসেনি। খেলার সংযুক্তি সময়ে (৯০+২) মিনিট নাগাদ কর্নার থেকে অবশ্য একটি গোল করেছিল সেনেগাল। তবে, মরক্কোর ফুটবলারকে ফাউল করায় রেফারি সেই গোল বাতিল করে দেন। এরপরেই শুরু হয় নাটক। পরের মিনিটেই সেনেগাল বক্সে ফাউল করা হয় মরক্কোর খেলোয়াড় ব্রাহিম দিয়াজকে।
ভার প্রযুক্তির সাহায্যে মরক্কোর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যাতে, ক্ষুব্ধ সেনেগাল শিবির দাবি করতে থাকে তাদের খেলোয়াড়কে আগে ফাউল করা হয়েছে। কিন্তু, রেফারি সিদ্ধান্ত পরিবর্তন না করায় প্রতিবাদে দল তুলে নেন সেনেগাল কোচ পাপে দিয়াউ। তাঁর নির্দেশ মতো খেলোয়াড়রা সাজঘরে ফিরে যান। চতুর্থ রেফারির অনুরোধেও বিশেষ লাভ হয়নি। শেষপর্যন্ত, প্রায় ২০ মিনিট পর অধিনায়ক মানের অনুরোধে ফের একবার মাঠে নামার সিদ্ধান্ত নেন সেনেগাল ফুটবলাররা।
এদিকে, মাঠে নেমেই বিতর্কিত সেই পেনাল্টি কিক মারতে গিয়ে ব্রাহিম দিয়াজ মিস করেন। তাঁর পানেনকা কিক সহজেই বাঁচিয়ে দেন সেনেগাল গোলরক্ষক মেন্ডি। এরপর, অতিরিক্ত সময়ের শুরুতেই গোল করে সেনেগালকে এগিয়ে দেন পাপা গুয়েই। বাঁ পায়ের জোরাল শটে গোল করে যান তিনি। ১-০ ব্যবধানে পিছিয়ে পরে খেলায় ফেরার একটা মরিয়া চেষ্টা করেছিল মরক্কো। তাতে বিশেষ লাভ হয়নি। ওই ১-০ ব্যবধানে জিতেই দ্বিতীয় বারের জন্য নেশনস কাপ চ্যাম্পিয়ন হল সেনেগাল।