রঞ্জি ট্রফিতে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জেতার পর এ বার বাংলা নামছে সাদা বলের ক্রিকেটে। শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। প্রথম দিনই বাংলার প্রতিপক্ষ বেশ কঠিন, কর্নাটক, যে দলে খেলার কথা মণীষ পাণ্ডের মতো অভিজ্ঞ টি-টোয়েন্টি তারকার।
লাল বলের ক্রিকেটে বাংলা সাফল্য পেলেও গত কয়েকটি মরসুমে সাদা বলের ক্রিকেটে ভাল ফল করতে পারেনি বাংলা। আইপিএলের নিলাম ডিসেম্বরে। তার আগেই এই জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আইপিএলে ডাক পড়তে পারে। মুস্তাক আলিতে ভাল খেলার প্রধান তাগিদ এটাই।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও তাই চাইছেন তাঁর দলের ছেলেরা ভাল খেলুক, যাতে নিলামের আসরে নামতে পারেন বাংলার ছেলেরা। শুক্রবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের পর ফোনে তিনি বলেন, ‘প্র্যাকটিস খুব ভাল হয়েছে আমাদের। ছেলেরা কাল ভাল খেলবে বলেই মনে হয়। এখানে লাল মাটির উইকেট যেরকম হয়, সেরকমই রয়েছে। এই উইকেটে আমাদের ভাল খেলা উচিত’।
লাল বলের ক্রিকেট থেকে সাদা বলের ক্রিকেটে যাওয়ার প্রক্রিয়াটা খুব কঠিন হবে না বলেই মনে করেন বাংলার কোচ। তিনি বলেন, ‘খুব একটা কঠিন নয় ব্যাপারটা। এটা আমাদের ছেলেদের আগেও করতে হয়েছে। এ বারেও ওরা ঠিকমতো মানিয়ে নিতে পারবে বলেই মনে হয়’।
প্রথম ম্যাচেই কর্নাটকের মতো কঠিন প্রতিদ্বন্দী। তবে সেজন্য চিন্তা নেই বাংলার কোচের। বলেন, ‘টি টোয়েন্টিতে সব দলই সমান। ম্যাচের দিন কে কেমন খেলছে, সেটাই আসল কথা। তাই আমাদের কাল জিততে হলে ভাল খেলতে হবে’।
বাংলা শনিবার সম্ভবত তিন পেসারে নামবে। মহম্মদ শামি ও মুকেশ কুমারের সঙ্গে থাকবেন সায়ন ঘোষ। শাহবাজ আহমেদও খেলবেন। তবে তিনি এই ম্যাচ খেলেই চলে যাবেন ভারতীয় রাইজিং স্টার্স দলের হয়ে খেলতে।
বাংলা রয়েছে এলিট ‘এ’ গ্রুপে। এলিটে চারটি গ্রুপ রয়েছে। এ ছাড়াও রয়েছে একটি প্লেট গ্রুপ, যেখানে মূলত সার্ভেসেস ও উত্তর-পূর্বাঞ্চলের দলগুলিকে রাখা হয়েছে। একেকটি গ্রুপের খেলাগুলি হবে একেকটি শহরে। বাংলা যেমন খেলবে মুম্বইয়ে গিয়ে, তেমনই মুম্বই দল এসেছে কলকাতায় ‘ডি’ গ্রুপের ম্যাচগুলি খেলতে। তাদেরও প্রথম ম্যাচ শনিবার সকালে, হায়দরাবাদের বিরুদ্ধে।
বাংলা দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ, যিনি রঞ্জি ট্রফিতেও দলের অধিনায়ক। মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ ছাড়াও দলে রয়েছেন সুদীপ কুমার ঘরামি, যুবরাজ কেশওয়ানি, আদিত্য পুরোহিত, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), করণ লাল, প্রদীপ্ত প্রামানিক, সৌরভ হালদার প্রয়াস রায়বর্মন, কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ ইরফান আফতাব, অখিলেশ যাদব, ঋষভ চৌধুরি ও শশাঙ্ক সিং।
অন্যদিকে, প্রায় দু’বছর পরে ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের জার্সিতে ফেরার অপেক্ষায় রয়েছেন মণীশ পাণ্ডে। ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে কর্নাটকের হয়ে আর খেলেননি তিনি। এ বার খেলবেন। কর্নাটকের নির্বাচক কমিটির চেয়ারম্যান অমিত বর্মা জানালেন, দলের ব্যাটিংয়ে অভিজ্ঞতা ও শক্তি বাড়াতেই মণীশকে দলে রাখা হয়েছে।
অমিত বলেন ‘গত মরসুম আমাদের ভাল যায়নি। আমরা মাত্র দু’টি ম্যাচ জিতেছিলাম। তাই ব্যাটিংয়ে অভিজ্ঞতা এবং শক্তি বাড়ানো প্রয়োজন। ও অনুশীলনের মধ্যে রয়েছে, নিয়মিত প্র্যাকটিসও করছে। ওর ফিটনেস ভাল। তাই আমরা ভেবেছি, ওকে দলে ফেরানো ভাল’।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত তিন বছর ধরে থাকা মণীশ ডিসেম্বরের আইপিএল নিলামের আগে ভাল পারফর্ম করতে চাইবেন বলেও মনে করছেন তিনি।
মণীশের নেতৃত্বেই ২০১৮-১৯ এবং ২০১৯-২০ মরসুমে পর পর দু’বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল কর্নাটক। ২০২১-২২ মরসুমে দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। তাই তাঁর অভিজ্ঞতা দলের কাজে আসবে বলেই মনে করছে কর্নাটক ক্রিকেট সংস্থা।
মণীশ ছাড়াও দলে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, অভিষেক মনোহর, শ্রেয়স গোপালদের মতো ক্রিকেটাররা। ফলে বাংলার কাছে মুস্তাক আলির শুরুটা মোটেই সহজ হবে না।