বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার সারা টেলর। প্রথমবার কোনও মহিলা কোচ হিসেবে ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে নতুন এই ভূমিকায় দেখা যাবে জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যানকে।
মহিলা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে পরিচিত সারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আপাতত কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে কাজ করেছেন তিনি। পাশাপাশি সাসেক্সের পুরুষ দল ও দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গেও যুক্ত ছিলেন সারা।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি সারা টেলরের প্রশংসা করে বলেন, এই কাজের জন্য সারাই সেরা পছন্দ। দীর্ঘদিন ধরে তিনি অসাধারণ কাজ করে আসছেন।
রব কি আরও বলেন, ফ্লিনটফ ও এড বার্নির কাছ থেকে সারার প্রশংসা শুনেই তাঁকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা ভাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।