চলতি বছর ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান নায়ক সঞ্জু স্যামসন। তবে, শুরুর দিকে দলের প্রথম একাদশে একদমই জায়গাই পাচ্ছিলেন না তিনি। সেইসময় হতাশায় একপ্রকার ডুবে গিয়েছিলেন ভারতের এই উইকেটরক্ষক বিয়াটস্ম্যান। যদিও পরবর্তীকালে, সুপার এইটে প্রথম একাদশে জায়গা পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুধু সুযোগের যোগ্য সদ্ব্যবহার করাই নয়, বরং ভারতের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কেরালার এই ক্রিকেটার।
সেমি-ফাইনাল ও ফাইনালে দলের জয়ের নায়ক তিনি। ব্যাট হাতে শতরান না এলেও ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন সঞ্জু। সম্প্রতি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য সতীর্থদের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে।
তবে, তাতে যে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না সেকথাও স্পষ্টভাবে স্বীকার করে নেন সঞ্জু। এজন্য, একটা সময়ে তাঁকে প্রথম একাদশে জায়গাও হারাতে হয়েছিল। স্বাভাবিকভাবেই তাতে ভেঙে পড়েছিলেন তিনি। বিষয়টা নিয়ে সঞ্জু বলেন, তাঁর স্বপ্ন ছিল, দেশকে বিশ্বকাপ জেতাবেন। পাশাপাশি, ম্যানেজমেন্টের ওপর থেকে আস্থা হারাননি তিনি।
সঞ্জুর স্পষ্ট বক্তব্য, তিনি জানতেন ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা করে। তাই, সবরকম পরিস্থিতির জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করছিলেন তিনি। আর শেষপর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে দলের প্রয়োজনে নিজের সেরা খেলাটা মেলে ধরতে পারায় খুবই খুশি ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।