জিম্বাবোয়ে সফরের দলে নেই সঞ্জু স্যামসন, বাদ না বিশ্রাম- এই নিয়ে জল্পনা

Sanju Samson Photo-SNS

চলতি মাসের শেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেলেন না সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্যামসনকে বাদ দেওয়ার কারণও জানায়নি।তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি দল থেকে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়েও কোনও ব্যাখ্যা দেয়নি। ইংল্যান্ডে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দলে মোট ছ’টি পরিবর্তন করা হয়েছে। স্যামসনের পাশাপাশি প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোইকেও জিম্বাবোয়ে সফরেj ১৫ সদস্যের দলে রাখা হয়নি। অবশ্য সেই দলেরও নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

লোয়ার-অর্ডার ব্যাটার রিঙ্কু সিং এবং পেসার ময়ঙ্ক যাদব এই সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরবেন। অন্যদিকে, উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরন সিং, পেসার যশ ঠাকুর ও অশোক শর্মা এবং বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার হর্ষ দুবে প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন।
এ ছাড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতের দলে পরিবর্ত হিসেবে রাখা হয়েছে শিবম দুবেকে। ইংল্যান্ড সফরে ভারতের ওয়ান ডে সিরিজ শেষ হবে ১৯ জুলাই এবং ২৩ জুলাই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে ভারত। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৬ জুলাই। তিনটিই হবে হারারেতে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-২০-র প্রথম এগারো থেকে বাদ পড়ার পর জিম্বাবোয়ে সফরের দল থেকেও বাদ পড়ে গেলেন সঞ্জু স্যামসন। এই ম্যাচেই মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় এবং ওপেন করতে নেমে ১০ বলে ১৪ রান করেন তিনি। এর আগে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে সঞ্জুর রান ছিল ৫ ও ০। এরপর ডারহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তেও তিনি করেন মাত্র ১ রান। তবে আইপিএল-এর আগে টানা তিনটি হাফ সেঞ্চুরি করে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তিনিই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


ময়ঙ্ক যাদবের ক্ষেত্রে এটি ভারতের টি-টোয়েন্টি দলে দ্বিতীয়বার সুযোগ। ২০২৪-এ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। সেবার ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল করে সবার নজর কাড়েন ময়ঙ্ক। তার পরই জাতীয় দলে সুযোগ পান তিনি। কিন্তু একের পর এক চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। গত আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেন ময়ঙ্ক। কিন্তু কোনও উইকেট পাননি, উল্টে ওভারপ্রতি গড়ে ১১.৩৭ রান দেন। এই পারফরম্যান্স সত্ত্বেও তিনি ভারতীয় দলে ডাক পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন।

জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক)। ইংল্যান্ড সফরের জন্য ভারতের সংশোধিত একদিনের দল শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, গুরনুর ব্রার, শিবম দুবে।