সর্বভারতীয় টেনিস সংস্থার নির্বাচনে ভূপতি-সানিয়া, নাম নেই লিয়েন্ডার পেজের! সভাপতি হওয়ার দৌড়ে ধাক্কা

Photo: X

এক সময় সারা বিশ্বের টেনিস কোর্ট মাতাতেন তাঁরা। এ বার ভারতীয় টেনিসের প্রশাসনে অবদান রাখতে চান মহেশ ভূপতি ও সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) ‘স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ বা এসওএম নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন দুই প্রাক্তন তারকা। কিন্তু চমক অন্য জায়গায়। মনোনয়ন জমা দেননি লিয়েন্ডার পেজ। ফলে এআইটিএ-র সভাপতি হওয়ার দৌড়ে কার্যত ছিটকে গেলেন তিনি।

আগামী ৭ নভেম্বর এসওএম নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে সংস্থার সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটিতে কৃতী খেলোয়াড়দের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। বাংলার টেনিস সংস্থা (বিটিএ) প্রকাশ্যে পেজকে এআইটিএ-র সভাপতি পদে সমর্থন জানিয়েছিল। কিন্তু সংশোধিত সংবিধানের নিয়ম অনুযায়ী, সভাপতি পদে লড়ার যোগ্যতা অর্জন করতে হলে পেজকে এসওএম নির্বাচনে জিতে সাধারণ সভার প্রতিনিধি হতে মনোনয়ন জমা না দেওয়ায় সেই সুযোগ আপাতত হাতছাড়া।

রাজ্যের প্রতিনিধি হিসাবে ২৭ নভেম্বরের এআইটিএ নির্বাচনে অংশ নিতে পারেন পেজ। কিন্তু সংশোধিত নিয়ম অনুযায়ী, রাজ্য সংস্থার প্রতিনিধি হিসাবে সভাপতি পদে লড়তে গেলে নির্দিষ্ট প্রশাসনিক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অন্তত এক পূর্ণ মেয়াদ কোনও রাজ্য সংস্থার পদাধিকারী হিসাবে থাকার শর্ত রয়েছে। সেই যোগ্যতা না থাকায় সভাপতি পদে তাঁর লড়াইয়ের পথ বন্ধ বলেই মনে করা হচ্ছে।


শুধু প্রশাসনিক পদ পাওয়াই নয়, ভারতীয় টেনিসের উন্নতিতে প্রাক্তন খেলোয়াড়দের আরও সক্রিয় ভূমিকা চান ভূপতি। তাঁর কথায়, ‘আমার মনে হয়, প্রতিটি ক্রীড়া সংস্থায় এমন খেলোয়াড়দের থাকা প্রয়োজন, যাঁরা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন এবং খেলার উন্নতিতে পরিবর্তন আনতে পারেন। ব্যাডমিন্টনে পুল্লেলা গোপীচাঁদ যা করেছেন, তা এই ক্ষেত্রে দারুণ উদাহরণ। তাঁর অবদান খেলাটাকে বদলে দিয়েছে।’

ডাবলসে এক সময় বিশ্বের এক নম্বর ছিলেন ভূপতি। একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। অন্য দিকে, সানিয়াও ডাবলসে বিশ্বের শীর্ষস্থান দখল করেছিলেন। মহিলাদের ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে তাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা ছয়।

ভূপতি ও সানিয়া ছাড়াও এসওএম নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন অঙ্কিতা ভাম্বরি, বর্তমান ডেভিস কাপ কোচ আশুতোষ সিং, গৌরব নটেকর, জানকী কৃষ্ণমূর্তি, শালিনী ঠাকুর ও বিশাল উপ্পল। অর্থাৎ, মোট আট জন প্রাক্তন খেলোয়াড় এই নির্বাচনে লড়ছেন।

কার্যনির্বাহী কমিটির জন্য মনোনয়ন জমা দিয়েছেন ভূপতি, সানিয়া, অঙ্কিতা, জানকী ও উপ্পল। সংশোধিত সংবিধান অনুযায়ী, সাধারণ সভায় চার জন এসওএম প্রতিনিধি—দু’জন পুরুষ ও দু’জন মহিলা—নির্বাচিত হবেন। ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে জায়গা পাবেন এক জন পুরুষ ও এক জন মহিলা প্রতিনিধি।

ক্রীড়া প্রশাসনে কৃতী খেলোয়াড়দের ভূমিকা বাড়ানোই এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য। কিন্তু নির্বাচনের আগে পেজের অনুপস্থিতি ভারতীয় টেনিসের প্রশাসনিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এক দিকে ভূপতি-সানিয়ার নতুন ইনিংসের প্রস্তুতি, অন্য দিকে সভাপতি হওয়ার দৌড়ে লিয়েন্ডার পেজের ধাক্কা—এআইটিএ-র নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে।