সদ্য দেশের হয়ে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ জিতেছেন তরুণ আয়ুষ মাত্রে। তাঁর অধিনায়কত্বেই ইংল্যান্ড অনূর্ধ্ব -১৯ দলকে হারিয়ে বিশ্বসেরার শিরোপা জিতেছে ভারত। ফাইনালে ব্যাট থেকে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও এসেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ২১৪ রান করেছেন আয়ুষ। সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক আয়ুষ মাত্রেকে নিজের বাড়িতে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন শচীন তেন্ডুলকর।
পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। বিশ্বকাপে আয়ুষের এই দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তাঁকে নিজের সই করা টেস্ট জার্সি উপহার দিয়েছেন শচীন। সেখানে আগামীর জন্য তাঁকে বিশেষ শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভবিষ্যতের জন্য আরও বেশি পরিশ্রম করার পরামর্শও দিয়েছেন তেন্ডুলকার।
তরুণ আয়ুষকে শচীনের পরামর্শ বিশ্বকাপ জেতায় চারদিক থেকে হয়তো অনেক প্রলোভন আসবে। কিন্তু, সেগুলোয় কান না দিয়ে অনুশীলন চালিয়ে যেতে হবে। শচীনের সঙ্গে দেখা করতে পেরে এবং তাঁর পরামর্শ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তরুণ আয়ুষ। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, ছোটো থেকে শচীনকে দেখেই বড় হয়েছেন। ফলে, তাঁর কাছ থেকে উপহার পাওয়াটা বাড়তি অনুপ্রেরণা হিসেবেই দেখছেন আয়ুষ।