১৫ মিনিটের ঝড়ে রোনাল্ডোর হ্যাটট্রিক! হাজার গোল থেকে আর মাত্র ১৫ ধাপ দূরে, এক রাতেই জোড়া সাফল্য

Cristiano Ronaldo Photo-SNS

বয়স ৪১। কিন্তু গোলের খিদে কমার কোনও লক্ষণ নেই। বরং প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাসের দিকে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে আল খোলুদের বিরুদ্ধে মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে আল নাসরকে ৫-৩ ব্যবধানে জেতালেন পর্তুগিজ মহাতারকা।

এই হ্যাটট্রিকের পর তাঁর কেরিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫। অর্থাৎ ফুটবলে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন রোনাল্ডোর।

১৫ মিনিটে তিন গোল


সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার আল নাসরের সামনে ছিল আল খোলুদ। ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি রোনাল্ডোদের। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গেজের গোলে এগিয়ে যায় আল খোলুদ। আট মিনিট পরে আঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে সমতা ফেরায় আল নাসর। ৩৮ মিনিটে সাদিয়ো মানে দলকে এগিয়ে দেন। কিন্তু প্রথমার্ধের সংযুক্ত সময়ে আন্তোয়ান এসোম্বার গোলে আবার সমতা ফেরায় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের ছবিটাই বদলে দেন রোনাল্ডো। ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। ছ’মিনিট পরে ফেলিক্সের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ তারকা। ৮১ মিনিটে মানের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো।

শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ করে আল খোলুদ। কিন্তু তত ক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আল নাসর। ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

কেরিয়ারে হ্যাটট্রিকের বন্যা

এই হ্যাটট্রিকের সৌজন্যে কেরিয়ারের ৯৮৫তম গোল করে ফেললেন রোনাল্ডো। ক্লাব ও দেশ মিলিয়ে এটি তাঁর ৬৭তম হ্যাটট্রিক। আল নাসরের হয়ে সপ্তম বার তিন গোল করলেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে সাতটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে তিনটি করে হ্যাটট্রিক রয়েছে তাঁর।

হাজার গোলের লক্ষ্যের কথা আগেই জানিয়েছিলেন রোনাল্ডো। ২০২৪ সালে প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্দের সঙ্গে কথোপকথনে তিনি বলেছিলেন, ‘আমি ১০০০ গোল করতে চাই। যদি চোট না পাই, তা হলে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রথমে ৯০০ গোল করতে চাই। তার পরে আমার চ্যালেঞ্জ হবে ১০০০ গোলে পৌঁছনো।’

সেই স্বপ্ন এখন বাস্তবের আরও কাছে। বৃহস্পতিবারের ম্যাচের পরে সমাজমাধ্যমে রোনাল্ডো লিখেছেন, ‘দুর্দান্ত জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে খুশি।’

 

একই দিনে আরও সম্মান

রোনাল্ডোর কাছে বৃহস্পতিবারের রাতটি আরও বিশেষ। মাঠে নামার আগেই তাঁর হাতে ওঠে প্রথম ‘বিওএটি’ (B.O.A.T. বা ব্যালন ডি’অর অফ অল টাইম) পুরস্কার। সমর্থকদের ভোটে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর ব্যালন ডি’অরজয়ী মরসুমের পারফরম্যান্সকে বেছে নেওয়া হয়েছে সর্বকালের সেরা হিসাবে। এই দৌড়ে পিছনে পড়ে গিয়েছে লিওনেল মেসির ২০১২ সালের পারফরম্যান্স।

আল নাসরের এই জয়ের ফলে সৌদি প্রো লিগে তাদের পয়েন্ট দাঁড়াল ২৮। ১১ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা আল কাদসিয়াহরও পয়েন্ট ২৮ হলেও তারা একটি ম্যাচ বেশি খেলেছে।

এক দিকে ব্যক্তিগত পুরস্কার, অন্য দিকে হ্যাটট্রিক। সব মিলিয়ে রোনাল্ডোর রাতটা ছিল স্বপ্নের মতো। তবে তাঁর নজর এখন আরও বড় লক্ষ্যে। ফুটবলজীবনে হাজার গোল! সেই ঐতিহাসিক সংখ্যার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা।