ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে দুরন্ত সেঞ্চুরির পরও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামছে না। তবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, রোহিত তাঁর ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন। অবসর নিয়ে যে বিতর্ক চলছিল, তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।
লর্ডসে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে একদিকে যেমন ভারতের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ওই ঐতিহাসিক মাঠে একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করার নজির গড়েছেন রোহিত, তেমনই থামিয়ে দিয়েছেন অবসর জল্পনাও।
আইসিসি রিভিউ-তে শাস্ত্রী বলেন, ‘রোহিতের কাউকে কিছু প্রমাণ করার ছিল না। ও যা করেছে, তা-ই যথেষ্ট। ব্যাট দিয়েই ও সমালোচকদের কষিয়ে চড় মেরেছে। এখন সবাই চুপ করে গিয়েছে’।
ভারতের প্রাক্তন কোচের মতে, রোহিত এখনও দলের অন্যতম সেরা ম্যাচজয়ী ব্যাটার। তিনি বলেন, ‘যত দিন ওর মধ্যে খেলার খিদে থাকবে এবং শরীর সঙ্গ দেবে, তত দিন ওকে খেলানো উচিত। এমন ক্রিকেটারের কাছ থেকে যতটা সম্ভব সেরাটা বের করে নেওয়া দরকার’।
গত কয়েক সপ্তাহ ধরেই রোহিতের অবসর নিয়ে নানা জল্পনা চলছিল। তবে লর্ডসে শতরানের পর সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ রোহিতও। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমার কাজ ব্যাট হাতে রান করা, দেশের প্রতিনিধিত্ব করা। অভিষেকের দিন থেকে আমাকে এটাই করতে বলা হয়েছে, আর আমি এটাই করে যাব’।
তিনি আরও বলেন, “আমি যখন থেকে খেলছি, তখন থেকেই এই ধরনের আলোচনা চলছে। যত দিন খেলব, তত দিন চলবেই। এগুলো নিয়ে আমি ভাবি না। আমার লক্ষ্য একটাই— মাঠে নেমে দলের সাফল্যে অবদান রাখা। বাইরে যা আলোচনা হওয়ার, হোক। আলোচনা না থাকলে আর মজাই বা কোথায়?
রোহিতের এই ইনিংস এবং শাস্ত্রীর মন্তব্যের পর আপাতত অবসর বিতর্ক অনেকটাই স্তিমিত। ভারতের অভিজ্ঞ ওপেনার যে এখনও বড় মঞ্চে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন, লর্ডসের সেঞ্চুরি যেন তারই আরেক জোরালো প্রমাণ।