বয়স সংক্রান্ত নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় ‘বাংলার’ ক্রিকেটার তথা ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার রোহিত যাদবকে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের অধীন কোনও ধরনের ক্রিকেটেই আগামী দু’বছর খেলতে পারবেন না রোহিত।
রোহিতের বিরুদ্ধে বয়স নিয়ে সন্দেহ তৈরি হয় আধার কার্ডের তথ্য খতিয়ে দেখার সময়। বিসিসিআইয়ের নির্দেশ মেনে বাংলার ক্রিকেট সংস্থা (সিএবি) ক্রিকেটারদের বয়স যাচাই করছিল। সেই সময় রোহিতের নথিতে একাধিক গরমিল নজরে আসে। বিষয়টি বিসিসিআইকে জানায় সিএবি। তদন্তের পরই দু’বছরের শাস্তির সিদ্ধান্ত নেয় বোর্ড।
জানা গিয়েছে, রোহিত যখন সিএবিতে প্রথম নথিভুক্ত হন, তখন তাঁর জন্মতারিখ দেওয়া হয়েছিল ৭ জুলাই, ২০০৭। ঠিকানা ছিল উত্তরপ্রদেশের। কিন্তু পরবর্তী সময়ে তাঁর আধার কার্ডে জন্মসাল একাধিক বার বদলেছে।
২০১৭ সালের একটি আপডেটে জন্মসাল ২০০৭ থেকে বদলে ২০০৬ করা হয়। ২০২০ সাল পর্যন্ত সেই তথ্যই ছিল। এর পর ২০২১ সালে আবার জন্মসাল বদলে ২০০৯ করা হয়। এর পরে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের আধার আপডেটেও ২০০৯ সালই রাখা হয়েছিল। পাশাপাশি ঠিকানাতেও পরিবর্তন দেখা যায়—উত্তরপ্রদেশের ঠিকানার পরিবর্তে পরে হাওড়ার ঠিকানা নথিভুক্ত হয়।
এই একাধিক পরিবর্তনই বোর্ডের নজরে আসে। তবে তদন্তে রোহিতের প্রকৃত জন্মতারিখ নিয়ে এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই বয়স সংক্রান্ত নথির অসঙ্গতিকেই গুরুতর বিষয় হিসেবে দেখা হয়েছে।
এ পর্যন্ত অবশ্য রোহিতের ক্রিকেটীয় উত্থান ছিল বেশ চমকপ্রদ। বাংলার বয়সভিত্তিক ক্রিকেট থেকে দ্রুত ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা সফরেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন এই লেগস্পিনার। সেখানে একটি যুব টেস্টে ছ’টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন।
শুধু তাই নয়, আসন্ন ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সিরিজের দলেও জায়গা পেয়েছিলেন রোহিত। সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বয়স সংক্রান্ত বিতর্কে সব শেষ। এখন তাঁকে দল থেকে সরিয়ে তাঁর জায়গায় নতুন ক্রিকেটার নেওয়ার পথে বিসিসিআই।
রোহিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বয়স জালিয়াতি আটকাতে বিসিসিআই আগেও একাধিক কঠোর নিয়ম করেছে। বয়সভিত্তিক ক্রিকেটে স্বচ্ছতা বজায় রাখতে নথিপত্রের পাশাপাশি বয়স যাচাইয়ের ব্যবস্থাও রয়েছে। সাম্প্রতিক রোহিত-কাণ্ড ফের বুঝিয়ে দিল, বয়স নিয়ে কোনও রকম কারচুপি বরদাস্ত করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।