গুজরাত টাইটান্সকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। কিন্তু কলকাতা শেষ চারের খেলায় অংশ নিতে পারবে কিনা, তা নিয়ে অনেক জটিল অঙ্ক রয়েছে। আগামী বুধবার আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সকে চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সোমবার কলকাতায় পৌঁছে গিয়েছেন মুম্বাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। এসেছেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও রোহিত শর্মারা। হার্দিক পাণ্ডিয়া কয়েকটি ম্যাচে চোটের কারণে দলকে নেতৃত্ব দিতে পারেননি। তাই অধিনায়কের দায়িত্ব সামলেছেন যশপ্রীত বুমরা।
পঞ্জাব ম্যাচের পর মুম্বইয়ের ক্রিকেটার শার্দূল ঠাকুর বলেছিলেন, ‘হার্দিকের চোট রয়েছে। সেই কারণে ও দলের সঙ্গে আসেনি। দলের সঙ্গে রায়পুরে গিয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরু ম্যাচেও খেলতে পারেনি। এখন মুম্বাইয়ে অনুশীলন করছে। আশা করি দ্রুত ওকে মাঠে দেখতে পাওয়া যাবে। কলকাতা ম্যাচে ও ফিরতে পারেন।’
জল্পনা শোনা যাচ্ছিল, হার্দিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুম্বইয়ের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে দলের চোটের সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন। কারও নাম না করলেও তাঁর দাবি, চোটের কারণেই এই খারাপ পারফরম্যান্স।
গত ম্যাচে কলকাতার হয়ে অধিনায়ক অজিঙ্কা রাহানে বড় রান উপহার দিতে পারেননি, কিন্তু ম্যাচ জিতে তিনি খুশি। ফিন অ্যালেন গুজরাতের বিরুদ্ধে জবরদস্ত ব্যাট করেছেন। হয়তো তিনি শতরান পাননি। কিন্তু যেভাবে তিনি একের পর এক ছক্কা ও বাউন্ডারি মেরেছেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে আগামী ম্যাচেও তাঁর ব্যাট থেকে ভালো রান আসবে। পাশাপাশি, অঙ্গকৃশ রঘুবংশী ছন্দে রয়েছেন। তাঁর ব্যাট থেকেও অর্ধশতরান এসেছে।
আশা করা যেতেই পারে, মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি শক্ত হাতে ব্যাট করবেন। শুধু ব্যাট করা নয়, তাঁর ফিল্ডিংও নজর কেড়েছে। বরুণ চক্রবর্তী এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। তবুও অধিনায়ক অজিঙ্কা রাহানে আশা করছেন, আগামী ম্যাচে তাঁকে মাঠে দেখতে পাওয়া যাবে। দলের অন্যতম ভরসা সুনীল নারাইন আবার ভালো খেলার নজির রেখেছেন। তাই বলতে দ্বিধা নেই, কলকাতার ইডেন উদ্যানে মুম্বাইয়ের বিরুদ্ধে নাইটদের পারফরম্যান্স অন্য জায়গায় পৌঁছে যাবে।