২০২৭ বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করতে নামবেন রোহি শর্মা? বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই প্রশ্নের উত্তর খুব একটা স্পষ্ট ছিল না। কিন্তু এ দিন দুপুরে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের রিভিউ মিটিংয়ে তাঁকে নিয়ে অনেকক্ষণ আলোচনার পর যা বোঝা গেল, তাতে উত্তরটা ‘হ্যাঁ’ হওয়ার সম্ভাবনাই বেশি। বরং অজিত আগারকরের নির্বাচক প্রধানের পদ আদৌ বাঁচবে কি না, তা নিয়ে অনেক বেশি প্রশ্ন দেখা দিয়েছে।
বৃহস্পতিবার মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট সেন্টারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই জরুরি সভায় ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, ভারত অধিনায়ক শুভমান গিল ও শ্রেয়স আইয়ার, সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্ণণ, বোর্ডের সভাপতি মিঠুন মানহাস ও সচিব দেবজিৎ সইকিয়া। ডাকা হয়েছিল অজিত আগারকরকেও। কিন্তু এত দ্রুত তলবের কারণে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন। এমনকী ভার্চুয়াল বৈঠকেও থাকতে পারবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন বলে খবর।
আগারকরের এই অনুপস্থিতিই জল্পনা উস্কে দেয় যে, আগারকরকে সম্ভবত নির্বাচকদের প্রধান পদে রাখা হবে না। প্রধান-নির্বাচক পদে নতুন কাউকে খোঁজা শুরু করছে ভারতীয় বোর্ড।
এই আগারকরই প্রথম গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দল থেকে শুধু বাদ দেওয়া নয়, অবসর নিতে বাধ্য করার চেষ্টাও করেছিলেন।
নির্বাচক কমিটিতে তাঁর এক ঘনিষ্ঠ সদস্য মারফৎ নাকি রোহিতের কাছে বার্তা পাঠিয়েছিলেন আগারকর যে, তাঁকে নিয়ে আর এগোতে চাইছে না নির্বাচকেরা। সেই সিদ্ধান্তে রোহিত যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন বলেও তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর বিরক্ত রোহিত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে নাকি রাজিও হয়ে গিয়েছিলেন। কিন্তু ছবিটা বদলে যায় লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে-তে, যেখানে ১৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত এবং তিনি তাঁর অবসরের সিদ্ধান্ত স্থগিত রাখেন।
এই মুহূর্তে রোহিত শুধুমাত্র ওয়ানডে ক্রিকেট খেলছেন। এদিন বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, বোর্ডের বৈঠকেও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সেখানে গৌতম গম্ভীর নাকি জানিয়ে দেন, তিনি বিশ্বকাপ ২০২৭-এর পরিকল্পনায় রোহিতকে রাখতে চান না। কিন্তু শুভমান গিল রোহিতের বিশ্বকাপ খেলার পক্ষেই মত দেন। সাদা বলের ক্রিকেট অধিনায়ক শ্রেয়স আইয়ারও রোহিতকে দলে চান। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়াও রোহিতের পক্ষেই কথা বলেন। লক্ষ্মণ জানিয়ে দেন, রোহিত ফর্মে থাকলে তাঁকেই নেওয়া উচিত। ফলে ঠিক হয়, ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হবে।
এ দিন সভার পরে সইকিয়া সাংবাদিকদের একরকম জানিয়ে দেন, রোহিত শর্মা থাকছেন। অর্থাৎ, ২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত শর্মাকে রেখেছে বিসিসিআই। তবে নির্বাচকেরা এবং ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এই ব্যাপারে একমত কি না, তা নিয়ে সন্দেহ আছে। সবচেয়ে বড় কথা, রোহিত নিজে ২০২৭ বিশ্বকাপে খেলতে যথেষ্ট আগ্রহী।
রোহিতকে নিয়ে জল্পনা প্রসঙ্গে বিসিসিআই সচিব সাংবাদিকদের বলেন, ‘ও সব ম্যাচেই দুর্দান্ত খেলছে। আর কী চান? শেষ ম্যাচেও ১৩০-১৪০ রান করেছে। তা হলে জল্পনা কেন? যারা জল্পনা করছেন, তাঁদের হাতে আর কোনও রসদ তুলে দিতে চাই না’।
সচিবের এই কথাতেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, রোহিত যদি নিজে থেকে অবসরের সিদ্ধান্ত না নেন, তা হলে বোর্ডের নির্বাচকেরা তাঁকে অবসর নিতে বলবেন না। তবে এই এক বছরে রোহিতের ফর্মের রেখচিত্র যদি হঠাৎ নীচের দিকে নামতে শুরু করে, তা হলে কী হবে, তা অবশ্য বলা যাচ্ছে না। তাঁর ফিটনেসও একটা চিন্তার বিষয়।
তবে এত দিন ধরে যে জল্পনা চলছিল, তাতে আপাতত জল ঢেলে দিয়েছেন বোর্ডের সচিব। তাই ধরে নেওয়া যেতেই পারে যে, সব ঠিকঠাক চললে আগামী বছর বিশ্বকাপে রোহিত শর্মাকে ভারতের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে। তবে অজিত আগারকর এ দিনের বৈঠকে উপস্থিতি থাকতে পারেননি, নাকি বিদায়ের আভাস পেয়ে ইচ্ছে করেই আসেননি, তা আগামী কয়েক দিনেই বোঝা যাবে হয়তো।