ক্রিকেটের মাঠে একের পর এক ছক্কা হাঁকিয়ে পরিচিতি পেয়েছেন রিঙ্কু সিং। এ বার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের এই ব্যাটার। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে তাঁর বিয়ের প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
লখনউয়ে বিয়ের আসর বসবে আগামী ৪ ডিসেম্বর। ছাপা হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্রও। আলিগড়ে আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠদের কাছে কার্ড পাঠানোর কাজ শুরু করেছে রিঙ্কুর পরিবার। তাঁর পারিবারিক সূত্রের খবর, বিয়েতে আলিগড়ে থেকেই প্রায় ১০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বিয়ের প্রস্তুতিতে নিজেও সক্রিয় রিঙ্কু। বোন নেহার সঙ্গে বসে বিয়ের কার্ড পছন্দ করেছেন তিনি। কার্ড ছাপানো থেকে শুরু করে অতিথিদের কাছে নিমন্ত্রণ পৌঁছে দেওয়া— সব কাজেই পরিবারের সঙ্গে হাত লাগিয়েছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। দীপাবলির সময় আলিগড়ের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসব কাটিয়েছেন রিঙ্কু। সেই সময় বিয়ের প্রস্তুতির জন্যও সময় বের করে নিয়েছিলেন তিনি।
ক্রিকেট এবং রাজনীতির জগতের একাধিক পরিচিত মুখকে বিয়েতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লকে নিমন্ত্রণ পাঠানো হবে। তবে তাঁরা কেউ বিয়েতে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতেও বিয়ের কার্ড তুলে দিতে চান রিঙ্কু। সেই উদ্দেশ্যে মায়ের এবং ভাইয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। ১৪ বা ১৫ নভেম্বরের আশপাশে সেই সাক্ষাৎ হতে পারে বলে খবর। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবেরও বিয়েতে উপস্থিত থাকার সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে।
রিঙ্কু এবং প্রিয়ার বাগ্দান হয়েছিল ২০২৫-এর ৮ জুন, লখনউয়ের এক পাঁচতারা হোটেলে। তার পর থেকেই বিয়ের দিন নিয়ে জল্পনা চলছিল। কিন্তু রিঙ্কুর ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে একাধিক বার পরিকল্পনা বদলাতে হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের সম্ভাবনা তৈরি হলেও ২৭ ফেব্রুয়ারি রিঙ্কুর বাবা খানচাঁদের মৃত্যুতে সেই আয়োজন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত দুই পরিবার ৪ ডিসেম্বরের দিনটি চূড়ান্ত করে।
আলিগড় থেকে লখনউয়ে যাবে রিঙ্কুর বরযাত্রী। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই সেই যাত্রার আয়োজন হচ্ছে। বিয়ের মূল অনুষ্ঠান লখনউয়ের রামাডা হোটেলে হওয়ার কথা। দুই পরিবারের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
বাগ্দানের পরে নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে রিঙ্কু জানিয়েছিলেন, সমাজমাধ্যমে প্রিয়ার ছবি দেখেই তাঁর ভাল লেগেছিল। প্রথমে বার্তা পাঠাতে দ্বিধা থাকলেও প্রিয়া তাঁর কয়েকটি ছবিতে ‘লাইক’ দেওয়ার পরে সাহস পান। তার পর নিয়মিত কথা শুরু হয়। রিঙ্কুর কথায়, ‘প্রথমে একটা সাধারণ কথোপকথন শুরু হয়েছিল। তার পর ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়’।
প্রিয়াও তাঁদের সম্পর্কের ভিত হিসেবে পারস্পরিক সম্মান এবং একে অপরের ব্যস্ততাকে বোঝার কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমাদের দু’জনেরই পেশাগত জীবন খুব ব্যস্ত। কিন্তু আমরা একে অপরের সময় এবং কাজকে সম্মান করতে শিখেছি। বিয়ের প্রস্তুতি কোনও বোঝা মনে হয়নি, কারণ আমরা একসঙ্গে সব কিছু করছি। দুই পরিবারও আমাদের পাশে রয়েছে’।
কলকাতা নাইট রাইডার্স এ বার আইপিএলে কাকে দলের নেতৃত্বের দায়িত্ব দেবে, তা নিয়ে বিস্তর জল্পনার মধ্যে রিঙ্কুর নাম বারবার ভেসে উঠছে। নাইটদের শিবিরের অধিনায়ক হওয়ার মতো হাতের কাছে রিঙ্কুর চেয়ে ভাল বাছাই আর কেউই নেই বলে মনে করছেন অনেকে। তবে নাইটদের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ডিসেম্বরে বিয়ের পর তাঁর ‘লেডি লাক’ তাঁকে নেতৃত্ব এনে দিতে পারবে কি না, এটা যেমন আকর্ষণীয় বিষয়, তেমনই আকর্ষর্ণীয় হল দাম্পত্য জীবন শুরুর পর ক্রিকেট মাঠে তাঁর পারফরম্যান্সের রেখচিত্র উপর দিকে যাবে, না নীচের দিকে নামবে।
তবে ক্রিকেট মাঠে রিঙ্কুর পরের ইনিংসের অপেক্ষা যেমন রয়েছে, তেমনই ৪ ডিসেম্বর তাঁর জীবনের নতুন অধ্যায়ের সাক্ষী থাকতে ক্রিকেট ও রাজনীতির জগতের তারকাদের মেলা কতটা জমে উঠবে, তাও দেখার।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/uyo957E6CjI?si=VprStc3AvdIiNfHk” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>