আইএসএল ফুটবলে জয় দিয়ে অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড

আইএসএল ফুটবলের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল জয় দিয়ে অভিযান শুরু করল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও নর্থ-ইস্ট ইউনাইটেড। এদিন ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারিয়ে দিল পাহাড়ি দল নর্থ-ইস্ট ইউনাইটডকে। কোচ অস্কার ব্রুজোর লাল-হলুদ ব্রিগেডের বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে সমস্যা ছিল। ইস্টবেঙ্গল প্রথম পর্বে বল দখলের লড়াইয়ে পাহাড়ি দলের থেকে এগিয়ে ছিল।

কিন্তু নর্থ-ইস্ট ইউনাইটেডের পাহাড়ি ফুটবলাররাও ছেড়ে কথা বলেনি। তারাও আক্রমণে উঠে এসে লাল-হলুদ শিবিরের রক্ষণ ভাগে চাপ সৃষ্টি করেছে। দুই দলের কাছেই গোল করার মতো সুযোগ তৈরি হয়েছিল। মাঝেমধ্যেই দুই প্রান্ত থেকে পাহাড়ি ফুটবলাররা যেভাবে উঠে এসে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে প্রবেশ করছিলেন, তা যে কোনও সময় অঘটন ঘটতে পারত। খেলার প্রথমার্ধে রশিদ গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। তাঁর শট ক্রশ বারে ধাক্কা খায়।
খেলার দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের ঝোড়ো আক্রমণে পাহাড়ি দলের রক্ষণভাগ ভেঙে চুরমার হয়ে যায়। খেলার ৬০ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের শট নর্থ-ইস্টের গোলরক্ষক গুরপ্রীত সিং কোনওক্রমে বাঁচিয়ে দেন। খেলার ৬২ মিনিটের মাথায় নন্দকুমারের পরিবর্তে মাঠে আসেন লালরিংদিকা। খেলার ৬৫ মিনিটে লাল-হলুদ ব্রিগেডের ইউসেফ ইজেজ্জারি গোল করতে ভুল করেননি।

বলটি বাড়িয়েছিলেন বিপিন। ইস্টবেঙ্গল এগিয়ে যাওয়ার পরেই ফুটবলাররা আরও বেশি ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ দলের রক্ষণভাগে বার বার হানা দিতে থাকেন। খেলার ৭১ মিনিটে আবার ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। এবারেরও গোলদাতা সেই ইজেজ্জারি। দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে দলের তৃতীয় গোলটি করেন মিগুয়েল। লাল-হলুদ সমর্থকরা এদিন স্টেডিয়ামে টিফো সংস্কৃতির ধরে রাখলেন। সেই টিফোতে ইস্টবেঙ্গলের মহিলাদের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। মোহনবাগান ম্যাচেও যুবভারতীতে টিফো দেখা গিয়েছিল।